আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের একটি সিন্ডিকেট চক্র অসহায় প্রতিবন্ধীদের কাছ থেকে সমাজ সেবা কর্মকর্তা ও তার অফিসের কয়েকজনকে ম্যানেজ করে প্রতিমাসে চাঁদা আদায় করতো বলে জানা গেছে। একটি প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা নির্বাহী কর্মকতা টিটন খীসা ২ মাসের কারাদ- প্রদান করেছেন। দ-প্রাপ্ত আবুল কাশেম উপজেলার ভীমখালী ইউনিয়নের মানিগাও গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র ।
জানা গেছে, ফেনারবাঁক ইউনিয়নের রাজাপুর গ্রামের কেরামত আলীর প্রতিবন্ধী মেয়ে ফাইজা আক্তারসহ অনেকের কাছ থেকে প্রতিবন্ধী সমিতির সভাপতি আবুল কাশেম দীর্ঘদিন ধরে সমাজসেবা অফিসের কয়েকজন অসাধু ব্যক্তির যোগসাজশে টাকা আদায় করে আসছিলো।
অনুসন্ধানে জানা যায়,জামালগঞ্জ প্রতিবন্ধী সমাজ কণ্যাণ সমিতির রেজি: নং-সুনাম ৯১০/১৫ এর অনুমোদন পায় গেল বছরের আগস্টের দিকে। এর পর থেকেই জামালগঞ্জ উপজেলা সদরের নতুনপাড়ায় ভাড়া বাসার একটি রুমে অফিসের কাজ শুরু করা হয়। উপজেলার প্রায় ৫ প্রতিবন্ধীকে বিভিন্ন কৌশলে সংগঠনের সদস্য করা হয়। প্রত্যেক পঙ্গু ও প্রতিবন্ধীর কাছ থেকে মাসিক ১শত টাকা করে তার নিয়োজিত মাঠ কর্মীদের মাধ্যমে টাকা আদায় করা হত। সংগঠনের নতুন পাড়ার সুসজ্জিত অফিসে চিত্তবিনোদনসহ নানা আয়োজনের ব্যবস্থা রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ কিছু রাজনীতিককে খুশী করতে প্রতি রাতে এই অফিসে চলতো আড্ডা-ফুর্তির ব্যবস্থা। প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার মাঠকর্মী ৪ জন থাকলেও ২ জন ছিলো মাসিক বেতনধারী।
প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার মাঠকর্মী জুবায়ের সুমন বলেন, ‘আমি কলেজে পড়ি, বেকার থাকায় প্রতিমাসে ৬ হাজার টাকার বেতনে চাকরী নেই এখানে। আমি প্রতিবন্ধী সদস্যদের কাছ থেকে মাসিক টাকা তুলে এনে কাশেম সাবের হাতে দিতাম। তাহমিনা ম্যডামের বাসায় অফিস ছিলো, আমাদের অফিসে সমাজসেবা অফিসার প্রায় রাতেই যেতেন ও খাবার খেয়ে আসতেন।’ স্থানীয় রাজাপুরের হেলাল মিয়া বলেন, ‘আমি তার কথামতে আমার গ্রামের কেরামতের কাছ থেকে তার প্রতিবন্ধী মেয়ের উঠানো ৬ হাজার টাকার মধ্যে ৩ হাজার টাকা এনে কাশেম ভাইকে দেই । আমি এছাড়া আর কোন কাজে তাকে সহযোগিতা করিনি।
প্রতিবন্ধী অফিসের দায়িত্বরত তাহমিনা আক্তার বলেন, ‘আমার বাসার একটি রুমে কাশেম ভাড়া থাকতো। এখান থেকে তার অফিসের কাজ চালাতো, প্রায়ই সমাজসেবা অফিসার ইসমাইল সাব আসতো তার সাথে বাসায়। পরে কাশেমের চলাফেরা ভালো নয় বলে আমি বাসা থেকে বের করে দিলে এখন ৪ তলায় অফিস নিয়েছে। আমি তাদের অন্যায় কোন কাজে জড়িত নই।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ইসমাইল হোসেন বলেন,‘ প্রতিবন্ধী সমিতির নামে কাশেম প্রতিমাসে ১শত টাকা করে আদায় করতো। আমি একাধিক বার তাকে বাধা দিতে তার অফিসে গিয়েছি। কাশেমই আমাকে নিয়ে যেত, সেখানে এক মহিলার সাথে থাকতো সে, আমি কয়েকবার খেয়েছি এই বাসায়। তবে আমি কোন অন্যায় কাজের সাথে জড়িত নই।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট টিটন খীসা বলেন,‘অনিয়ম, দুর্নীতি আর প্রতিবন্ধি দরিদ্র লোকজনের টাকা আত্মসাতকারীদের কোন ছাড় নেই। ইতিমধ্যে প্রতিবন্ধী সমিতির সভাপতিকে ২ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। সমিতির সাথে অবৈধ টাকা তুলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’


