জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে বন্যা কবলিত ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার।
বৃহস্পতিবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ও সাচনা বাজার ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে বানভাসি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চিড়া গুর, মুড়ি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ত্রাণ বিতরণের সময় শামীমা শাহরিয়ার বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষের হাত নেই ।এই দুর্যোগে জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন এবং থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দ রাজু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমা চৌধুরী, ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, কৃষক লীগ সদস্য নিজাম নূর প্রমুখ।


