জামালগঞ্জে বিট পুলিশিং সম্পর্কিত মতবিনিময় সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বিট পুলিশিং সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জামালগঞ্জ থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি করুণা সিন্ধু তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, সাবেক সেনা সদস্য মো. আব্দুর রকিব, ইউপি সদস্য মো. ছমির মিয়া, সাবেক ইউপি সদস্য আবু সাদাত মো. সায়েম, রনধীর তালুকদার, সাইফুল ইসলাম, সাইদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই এলাকার মানুষ শান্তিপ্রিয়। তাদের একমাত্র পেশা কৃষি। ধান এখানকার মানুষের প্রধান উৎপাদিত ফলন। ধান ফলাতে এখানকার কৃষকদের দিনরাত শ্রম দিতে হয়। প্রচুর পরিশ্রমে উৎপাদিত ফলন বিক্রির টাকায় যদি তাদের সন্তানেরা মাদক সেবন করে তাহলে এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না। বর্তমান প্রজন্মের জন্য মাদক একটি বড় অভিশাপ। মাদক বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ দেওয়া যাবে না। ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য সরকার এখন টাকা দিচ্ছে। তাই প্রতিটি সন্তানকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে নিতে হবে। কোন ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলে তা থানায় অবহিত করবেন।