জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ মডেল হাইস্কুলের সামনে বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যালয়ের দপ্তরী মারুফ মিয়ার (২২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের আলী আমজাদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারুফ মিয়া জামালগঞ্জ মডেল হাই স্কুল ভবনের সামনে খুঁটি থেকে বিদ্যালয়ে সংযুক্ত বিদ্যুৎ লাইনে দুপুরে কাজ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মারুফ মিয়া ৪-৫ বছর ধরে জামালগঞ্জ মডেল হাই স্কুলে খ-কালীন দপ্তরী হিসেবে কাজ করতেন।
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যালয়ে শ্রমিকরা কাজ করছিল। এসময় বিদ্যালয়ের সামনের বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, মারুফ মিয়া বিদ্যালয়ের সামনের ঝুলন্ত তারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।