জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৫তম জন্মতিথি পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে মন্দির প্রাঙ্গণে জন্মতিথি উপলক্ষে বর্ধিত অনুষ্ঠান ও ভোগমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বণিক।
প্রভাষক সুদিন চন্দ্র পাল ও শিক্ষক স্বপন কুমার দাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক চন্দ্রনাথানন্দজী মহারাজ। শুভেচ্ছা বক্তব্য দেন, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল। সম্মানিত অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ হৃদয়ানন্দজী মহারাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা পংকজ পাল চৌধুরী, হেমন্ত কুমার দাস প্রমুখ। এর আগে সেবাশ্রমের পক্ষ থেকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি চন্দ্রনাথানন্দজী মহারাজ তাঁর বক্তব্যে বলেন, দেশপ্রেম ও মানবসেবাই হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম আদর্শ। তিনি মানবসেবা ও মানুষকে ভালোবাসার কথা বলেছেন। হিংসা-বিদ্বেষ ও সকল মন্দ কাজ পরিহার এবং মানুষের সেবার উপরে আর কোন ধর্ম নেই। এর মধ্যেই ধর্ম নিহিত রয়েছে।


