জামালগঞ্জে সরকারি ভবনে রাজাকারের নামফলক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে সরকারি ভবনে এখনো রয়ে গেছে রাজাকারের নাম। ৭১ এর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামালগঞ্জ উপজেলা শান্তি কমিটির সভাপতি আবুল মনসুর আহমদ লাল মিয়ার নামে এখনো উপজেলা পরিষদের মূল ফটকে নামফলক শোভা পাচ্ছে। ফলকে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিষদ ভবন সম্প্রসারিত, নির্মাণ সহযোগিতায় ও দিকনির্দেশনায়     
আলহাজ্ব আবুল মনসুর আহমদ তালুকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ, জামালগঞ্জ, সুনামগঞ্জ।
জানা যায়, সারাদেশে স্বাধীনতা  বিরোধী দালাল রাজাকারদের নামে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে নাম মুছে ফেলা হলেও জামালগঞ্জে এখনো তাদের নামে নামফলক ও প্রতিষ্ঠান রয়ে গেছে। জানা যায়, চলতি বছরের ১০ই জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের উপসচিব সৈয়দ মো. নূরুল বাসির স্বাক্ষরিত পত্রে মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী ব্যাক্তিদের নামে সরকারি অনুদানভুক্ত সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান সর্ম্পকিত বিশেষ প্রতিবেদন সংক্রান্ত পত্রে জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের রুপাবালী গ্রামে পাকিস্তানের জাতির জনক কায়েদে আজম জিন্নাহর নামে এখনো সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে উপজেলা চেয়ারম্যানের নামে ঝুনু মিয়া হাই স্কুল ও জামালগঞ্জ সদরের শাহপুর গ্রামে হাজী আব্দুল বারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য পত্র জারি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার পত্র পেয়েছি,। ইতিমধ্যে নাম পরিবর্তন করার প্রক্রিয়া চলছে। উপজেলা পরিষদের নাম ফলকের বিষয়টি আমার জানা ছিলো, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দেশ স্বাধীন হবার পর প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে শান্তি কমিটির সভাপতি ও যুদ্ধাপরাধী আবুল মনসুর আহমদ লাল মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।