জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে সাংবাদিকদের সাথে মুজিববর্ষে গৃহ প্রদান কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক বিশ্বজিত রায়, দিল আহমেদ, জিয়াউর রহমান, আব্দুল আহাদ। অন্যান্যের মধ্যে এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী ও আব্দুল হাসিম প্রমুখ।
মতবিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব প্রধানমন্ত্রী কতৃর্ক দেওয়া গৃহ প্রদান সম্পর্কিত বিভিন্ন তথ্য—উপাত্ত তুলে ধরে জানান, জামালগঞ্জে প্রথম পর্যায়ে ২৪৬টি, ২য় পর্যায়ে ৫৫টি, চলতি বছর তৃতীয় পর্যায়ে (১ম ধাপ) ১৫০টি পরিবারকে ২ শতক ভূমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক তৃতীয় পর্যায় (২য় ধাপে) আরও ২৫টি পরিবারকে ২ শতক ভূমিসহ গৃহ প্রদান করা হবে। এর মাঝে জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনারপুর গ্রামে ৭টি, পূর্ব লক্ষ্মীপুর ১টি, কদমতলীতে ২টি এবং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর ৩টি, বেতাল আলীপুর ৫টিসহ বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামে ৫টি ও আরশিনগর গ্রামে ২টি পরিবার রয়েছে।
- বন্যায় সড়কে ১৫০ কোটি টাকার ক্ষতি/ স্বাভাবিক হয়নি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা
- বিশ্বম্ভরপুরে ঘর পাবে ৬০ গৃহহীন পরিবার


