জামালগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তকারী শিক্ষকের ৬ মাসের কারাদণ্ড

জামালগঞ্জ অফিস
মঙ্গলবার দৈনিক সুনামগঞ্জের খবরের প্রথম পৃষ্ঠায় ‘জামালগঞ্জে স্কুল ছাত্রীর সাথে বখাটে শিক্ষকের উত্যক্তপনা/প্রতিবাদ করায় ছাত্রীর চাচাকে মারধর’ শিরোনামে সংবাদ প্রকাশের পর আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন সহকারী শিক্ষক মোস্তফা রকিব ভুইয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত ওই শিক্ষক জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে পুলিশ আটকের পর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট তসলিমা আহমদ পলি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দ-াদেশ প্রদান করেন। উল্লেখ্য, অভিযুক্ত ওই স্কুল শিক্ষক মোস্তফা রকিব ভুইয়ার বিরুদ্ধে অশালীন কাজের বিচার চেয়ে বিদ্যালয়ের দশম শ্রেণীর এক মেধাবী ছাত্রী সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছিল।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের পিতৃ-মাতৃহীন দশম শ্রেণীর ওই ছাত্রী চাচার বাড়ীতে থেকে পড়ালেখা করছে। গত জুলাই মাসে মোস্তফা রকিব ভুইয়া সহকারী শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই ওই ছাত্রীকে দেখলে আজে বাজে কথাসহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। প্রথমে ওই ছাত্রী বিষয়টি পরিবারের কাউকে জানায় নি। এক পর্যায়ে ওই শিক্ষক তাকে কুপ্রস্তাব দিতে থাকে। তার ক্লাসের খাতায় এমনকি পরীক্ষার খাতায় নানান ধরনের ইঙ্গিতপূর্ণ  কথা-বার্তা লিখে দেন। তাকে নানা ধরনের প্রলোভন দেখান। উপায় না পেয়ে সম্প্রতি ওই ছাত্রী পুরো বিষয়টি পরিবারকে জানায়। অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক মোস্তফা রকিব ভুইয়ার কাছে বিষয়টি জানতে চাইলে উল্টো বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান ঝুনু মিয়ার প্রভাব দেখিয়ে হুমকি দেন। ওই ছাত্রী গত রবিবার দুপুরে ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে গেলে অভিযুক্ত শিক্ষক রকিব তাকে স্কুল থেকে বের করে দেন।
বিষয়টি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে অবহিত করা হলে তিনি শুক্রবার বিকালে স্কুল মাঠে এ নিয়ে সালিশ বৈঠকে বসেন। এ সময় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং উপজেলা চেয়ারম্যানের সামনে অভিযুক্ত স্কুল শিক্ষক ও চেয়ারম্যানের লোকজন ছাত্রীর চাচাকে বেধড়ক পিটিয়ে আহত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ওই স্কুল ছাত্রীর ইংরেজী পরীক্ষা চলাকালীন সময়ে খাতায় সহকারি শিক্ষক ক্রস চিহ্ন দিয়েছিলেন সঠিক। আমি তা জানতে পেরে আবার খাতায় রাইট (সঠিক) চিহ্ন দিয়ে দিয়েছি। তবে যৌন হয়রানীর বিষয়টি তিনি জানতেন না বলেও দাবি করেন।  
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আহমদ পলি বলেন,‘স্কুল ছাত্রীর অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছিল। সকল স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ৬ মাসের  বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।’