জামালগঞ্জে ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না গ্রাম পুলিশরা

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা দীর্ঘ ৫ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে ইউপি সচিবরা বলছেন তাদের কোনো দায় নেই। দায়সারাভাবে চেয়ারম্যানরাও বলেছেন সচিবরা বিষয়টি দেখেন। এমন গ্যাঁড়াকলে পড়ে বেতন পাচ্ছেন না গ্রাম পুলিশেরা।
এদিকে, নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, ইউনিয়নের সচিবেরা বিল  
 তৈরী করে দিতে বিলম্ব করেন। এই কারণে গ্রাম পুলিশেরা পড়েছেন এমন বিপাকে। অধিকাংশ গ্রাম পুলিশে বলেছেন, তারা বেতন না পাওয়ায় সংসার নিয়ে কষ্টে দিন যাপন করছেন।
উপজেলার ৫টি ইউনিয়নের ৪ জন সচিবই গ্রাম পুলিশদের মানবেতর জীবন যাপনের কথা স্বীকার করলেও একজন সচিব তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। আর উপজেলা নির্বাহী কমকর্তার অফিস সহকারী জানিয়েছেন বর্তমানে কোনো বরাদ্দ নেই। তাছাড়া ইউনিয়ন অফিস থেকে তাদের বেতন বিলের কাগজপত্রও পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রাম পুলিশের বেতনের অর্ধেক আসে স্থানীয় ইউনিয়ন পরিষদ আয় থেকে বাকী অর্ধেক আসে সরকারী ভাবে। উপজেলার ৫টি ইউনিয়নে ৩৬ জন গ্রাম পুলিশ ও দফাদার রয়েছে। জামালগঞ্জ সদর ইউনিয়নে ৫জন পুরুষ ও ৩ জন নারী, বেহেলী ৫ জন গ্রাম পুলিশ ও ১ জন দফাদার, ফেনারবাঁক ইউনিয়নে ৭জন মহিলা আর ১ জন পুরুষ, ভীমখালীতে ৯জন গ্রাম পুলিশ আর ১ জন দফাদার, সাচনা বাজার ইউনিয়নে ৫ জন গ্রাম পুলিশ ও ১ জন দফাদার রয়েছেন।
ফেনারবাঁকের গ্রাম পুলিশ ফরিদ মিয়া জানান,আমরা ৫ মাস ধরে বেতন পাচ্ছি না, আমার পরিবারে ৫ ছেলেমেয়ে ও স্ত্রী সহ সংসারের ভরণপোষণ করতে পারছি না, ধার করে চলে আসছি দীর্ঘদিন ধরে। একইভাবে বেহেলীর গ্রাম পুলিশ শাসসুনূর জানান, অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন বেতনের খোঁজে উপজেলা সদরে আসি, চিকিৎসার টাকাও নাই।
ফেনারবাকের গ্রাম পুলিশ ইসলাম উদ্দিন জানান, আমার ভাড়ার টাকা নেই, হাওলাত করে এসেছি, সংসার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে আমার।  
সাচনাবাজার ইউনিয়নের সচিব প্রদীপ কুমার রায় জানান, গ্রাম পুলিশদের বরাদ্দ আসতে বিলম্ব হয়েছে, কয়েকদিনের ভেতরই তারা বেতন ভাতা পাবেন।
ফেনারবাঁকের সচিব অজিত কুমার রায় জানান, গ্রাম পুলিশদের বেতন না পাওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, তাছাড়া কোনো গ্রাম পুলিশই বিষয়টি আমাকে জানায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্টিফিকেট সহকারী সিদ্ধার্থ রায় চৌধুরী জানান, ইউনিয়ন অফিসের সচিবরা বিল দিতে বিলম্ব করেছেন, আমরা তাঁদেরকে বার বার তাগিদ দিয়েছি বিল তৈরী করে দেওয়ার জন্য।
ভীমখালীর চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার জানান, গ্রাম পুলিশদের বেতন বিল সচিবরা করেন, তারা ভালো বলতে পারবেন এই বিষয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, গ্রাম পুলিশদের বেতনের টাকা বরাদ্দ হয়েছে দেরিতে। বরাদ্দ পেয়েছি। আশা করি কয়েকদিনের ভেতরই বেতন পাবেন গ্রাম পুলিশরা।