জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় ৮ মাদকসেবীকে ১৫ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. আনোয়ার হোসেন ভুইয়ার নেতৃত্বে সাচনা বাজার ও গজারিয়া বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে মফিজনগর গ্রামের আব্দুল খালিদের ছেলে রশিদ মিয়া, রাধানগর গ্রামের যামিনী দেবনাথের ছেলে দুলাল দেবনাথ, গজারিয়া গ্রামের সাজল মিয়ার ছেলে নিজাম নূর, আইনুল হকের ছেলে জাফর ইকবাল, আব্দুল কাদিরের ছেলে বাচ্চু মিয়া, জালাল মিয়ার ছেলে আলি নুর, পশ্চিম ফেনারবাক গ্রামের রাজধর মিয়ার ছেলে নুরুল শাহ, রামপুর গ্রামের আব্দুল হাফিজের ছেলে মো. আজির উদ্দিন কে গাঁজা সেবনের সরঞ্জাম সহ আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর (৫) ধারায় প্রত্যেককে ১৫ দিনের জেল ও ৫০ টাকা করে জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ—পরিদর্শক জুয়েল মিয়া, সহ উপপরিদর্শক মে.: ছালা উদ্দিন, মইনুল ইসলাম, মুক্তাকিন আহমেদ প্রমুখ।


