জামালগঞ্জ হাসপাতালের মেরামত কাজে ঠিকাদারের দুর্নীতির উপযুক্ত বিচার হোক

জামালগঞ্জ উপজেলা হাসপাতালের জরুরি মেরামত কাজ সম্পাদনের জন্য ১৩ লক্ষ ৬২ হাজার ২৩৫ টাকার একটি কার্যাদেশ দেয়া হয়েছিলো সিলেটের ঠিকাদারী প্রতিষ্ঠান নর্থ সুরমাকে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি এস্টিমেট অনুসারে কাজ করেনি। নামেমাত্র সামান্য কিছু কাজ করে পুরো টাকা তুলে নিয়ে উধাও হয়ে গেছে। সম্পূর্ণ কাজ ঠিকমত করা হয়েছে এমন প্রত্যয়নপত্র প্রয়োজন হয় চূড়ান্ত বিল তোলার আগে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার এমন প্রত্যয়নসম্বলিত ভুয়া স্বাক্ষর দিয়ে বিলের টাকা তুলে ফেলার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এখানে। গতকাল এ নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রাক্কলন মোতাবেক মেরামত কাজ না হওয়ায় জামালগঞ্জ হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এখন চরমে পৌঁছেছে বলে ওই সংবাদ থেকে জানা যায়। ঠিকাদারের কাজ না করানো ও ভুয়া স্বাক্ষর দিয়ে বিল উত্তোলনের বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিভিল সার্জন সুনামগঞ্জ ও সিলেটের স্বাস্থ্য বিভাগীয় নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছেন। তিনি নিজে ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। একটি সরকারি প্রতিষ্ঠানের কাজ না করেই ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা তোলে ফেলার মতো চরম দুস্কর্ম করার পরও এখন পর্যন্ত বর্ণিত ঠিকাদার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তার কেশাগ্রটি স্পর্শ করতে পারেনি সরকারি প্রতিষ্ঠানগুলো, এটি খুবই হতাশাজনক বিষয় বৈকি। এখানে কয়েকটি প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। স্বাস্থ্য বিভাগের কোন না কোন পর্যায়ের কর্তৃপক্ষের যোগসাজশ ব্যতীত ঠিকাদারের বিলের টাকা তোলার কোন অবকাশ নেই। কারণ বিল ঠিকাদার প্রস্তুত করেন না, বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট অফিস। কাজের তদারকির দায়িত্বও পালন করেছেন নিশ্চয়ই কোন না কোন কর্মকর্তা বা কর্মচারী। স্বাস্থ্য বিভাগের যে অফিসটি ঠিকাদারের বিল প্রস্তুত করেছে, যারা মেরামত কাজ তদারকি করেছেন,  আমরা নিশ্চিত তারা এই দুর্নীতির সাথে সরাসরি জড়িত। নতুবা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এড়িয়ে তার স্বাক্ষর জাল করার মতো অপরাধ করে ঠিকাদারের পার পাওয়ার কথা নয়। আমরা আশ্চর্য হই উপজেলা স্বাস্থ্য বিভাগ কিংবা জেলা সিভিল সার্জন কেন এখনও ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণা, সরকারি অর্থ আত্মসাৎ জনিত কারণে মামলা দায়ের করেন নি? তারা কি নিজেদের কোন উর্দ্ধতন কর্তৃপক্ষের ভয়ে এখানে চুপসে রয়েছেন? স্বচ্ছতার স্বার্থে বিষয়গুলো পরিস্কার হওয়া দরকার।
সরকারি কাজে পুকুর চুরি এমন কি সাগর চুরি হওয়ার বিষয়ে সকলেরই কম বেশি ধারণা রয়েছে। আলোচ্যক্ষেত্রে টাকার পরিমাণ ১৪ লক্ষ টাকার নীচে যা একেবারেই নগন্য একটি অংক। এই সামান্য পরিমাণ টাকার লোভও এখন সামলাতে পারছে না আমাদের প্রচলিত সরকারি কাঠামো যার সাক্ষাৎ সহযোগি ওইসব দুর্নীতিবাজ ঠিকাদাররা। অন্যদিকে যথাযথ কাজ না করানোয় জামালগঞ্জ হাসপাতালে রোগীদের যে অসহনীয় যন্ত্রণা বেড়েছে সেই ক্ষতি আর্থিক হিসাবে মেপে দেখলে জড়িত দুর্নীতিবাজরা কঠোর থেকে কঠোরতর সাজা পাওয়ার যোগ্য। তারা কি আসলেই সাজা পাবেন?
সরকারের শীর্ষ পর্যায়ের দুর্নীতি বিরোধী অবস্থান খুব স্পষ্ট। দুদকের বর্তমান কার্যকলাপ দেখে নাগরিকদের মনে বেশ আশাবাদ সঞ্চারিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের এই দুর্নীটিও দুদকের আওতাভুক্ত। সংবাদপত্রে প্রকাশের পর এখন নিশ্চয়ই বিষয়টি দুদকের গোচরিভূত হবে। সকলেই আশা করবেন এখন যাতে এই ঘটনাটির সুষ্ঠু বিচার হয়। এই ধরনের দুর্নীতিগুলো যখন ব্যাপক আকারে সুষ্ঠু বিচারের আওতায় আসবে তত কমবে দুর্নীতির বিস্তার।  সরকারি টাকা মেরে দিয়ে কেউ আরামে ঘুমাক এটি কারও কাম্য নয়।