স্টাফ রিপোর্টার
দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক ও প্রকাশক এবং এস.এ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বিকালে কারাগার থেকে মুক্তি পান তিনি। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেল সুপার আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, গত ৫ মে সোমবার রাতে সুনামগঞ্জের স্থানীয় দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক, এসএ টিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামী হিসাবে গ্রেপ্তার করে পুলিশ। রাত ২ টায় শহরের মহিলা কলেজ রোড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে রাত ১১ টায় ধর্মপাশার সেলবরস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনিয়ার হোসেন খান পাঠান তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন।
বেনিয়ার হোসেন খান পাঠান’এর দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছিল, মাহতাব উদ্দিন তার ফেসবুক আইডিতে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর) আসনের সংসদ সদস্য, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন। সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন এমন মিথ্যা গুজব ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাঁর সম্মানহানী করেছেন।


