স্টাফ রিপোর্টার
জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ৩ জন নিহতের ঘটনায় উত্তপ্ত দিরাই উপজেলা শহর। ঘটনার পর দুই পক্ষের দায়ের করা মামলায় ৬৮ জনকে আসামী করার পরই এই অবস্থা শুরু হয়। কিছু আসামীদের ‘নির্দোষ’ এবং ষড়যন্ত্রমূলক মামলা দাবী করে দিরাই শহরে প্রতিদিনই মিছিল-সমাবেশ হচ্ছে। অন্যদিকে, হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার দাবী করে বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলার হাতিয়া বড়বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
গত ১৭ জানুয়ারি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশের জারলিয়া জলমহালে বন্দুক যুদ্ধের ঘটনায় ৩ নিরীহ ব্যক্তির প্রাণহানী ঘটে।
ঘটনার পর একপক্ষের নেতা একরার হোসেনের দায়ের করা মামলায় দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও দিরাই পৌর সভার মেয়র মোশারফ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ ৩৯ জনকে আসামী করে মামলা হয়। সাংবাদিক লিটন ছাড়া অন্য সকলেই স্থানীয় রাজনীতিতে সুরঞ্জিত সেন গুপ্তের সমর্থক হিসাবে পরিচিত।
মামলা দায়েরের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান, দিরাই পৌরসভার মেয়র ও প্রদীপ রায়সহ সকল আসামীই এলাকা ছাড়া।
সুরঞ্জিত সমর্থকরা এই মামলাটি আওয়ামী লীগ ও সুরঞ্জিত সেন গুপ্তকে দুর্বল করার জন্য করা হয়েছে দাবী করে গত রবিবার থেকে মিছিল সমাবেশ ও মানববন্ধন করছে। উপজেলা ছাত্রলীগ গত শনিবার প্রতিবাদ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। পরদিন গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বুধবার দিরাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডবাসী, বৃহস্পতিবার করেছে উপজেলা কৃষকলীগ, আজ শুক্রবার করবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও সন্তান কমান্ড।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ বলেন,‘রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ৩৫ কিলোমিটার দূরে থাকা সত্বেও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশারফ মিয়া, সাংবাদিক লিটন এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে এবং সংসদ ভবনে থাকা অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আসামী করা হয়েছে। দিরাইবাসী এটি মানতে পারছে না। এজন্যই প্রতিদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে’। তিনি দাবী করেন এই মামলা দায়েরের পেছনে বিএনপি, জামায়াত এবং একটি কুচক্রি মহল যুক্ত রয়েছে। যারা আওয়ামী লীগ ও সুরঞ্জিত সেন গুপ্তকে দুর্বল করতে এই ষড়যন্ত্রে মেতেছে’।
এদিকে, দিরাইয়ে জারলিয়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে বৃহস্পতিবার কুলঞ্জ ইউনিয়নের ৫টি গ্রামের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া বড়বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুর দুইটায় এই মানববন্ধনে উপজেলার হাতিয়া, আকিলনগর, নাছনি, তেতইয়া ও সুরয়িারপাড় গ্রামের কয়েক’শ মানুষ ও নিহতদের স্বজনরা অংশ নেন। মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হত্যা মামলার বাদী একরার হোসেন, উপজেলা আ.লীগ নেতা শাহরিয়ার শামীম, আরিফ উল্লাহ, দবির মিয়া, সোহারাব হোসেন, ইসমাইল আলী ও নিহতের স্বজনরা।
এই পক্ষের নেতা একরার হোসেন বলেন,‘যাদের আসামী করা হয়েছে, এরা সরাসরি সংঘর্ষে যুক্ত ছিল। এটি দলীয় কোন বিষয় নয়। দল বা সুরঞ্জিত সেন গুপ্তকে দুর্বল করার জন্যও এই মামলা হয়নি। এই মামলা করা হয়েছে নিরীহ ৩ জন মানুষকে গুলি করে হত্যা করার বিচার পাওয়ার জন্য’।


