সু.খবর ডেস্ক
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন বলেছেন, এবার জোর করে ব্যালটে সিলমারা কমলেও সহিংসতায় বেড়েছে।
ভোট শেষ হওয়ার পরপরই শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসির কর্মকর্তারা বিভিন্ন টিভি চ্যানেলের প্রচারিত খবরও সার্বক্ষণিক মনিটরিং করেছেন। বেশকিছু স্থানে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তাৎক্ষণিক নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অবস্থানের কারণে একটিমাত্র ভোটকেন্দ্র ছাড়া কোথাও ভোটের আগের রাতে ব্যালটে সীলমারার ঘটনা ঘটেনি। ভোটের দিন ভোটকেন্দ্র দখল বা জোর করে সীল মারার ঘটনাও আগের চেয়ে অনেক কম হয়েছে। তবে ভোটকেন্দ্র বা এর আশেপাশে প্রার্থীদের মাঝে গোলযোগের ঘটনা ঘটেছে।
সিইসি বলেন, ‘পঞ্চম ধাপের নির্বাচনে ৬ হাজার ৪৮৪টি ভোট কেন্দ্রের মধ্যে পরিস্থিতি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ায় ৫৩ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রিপোর্ট পেলে আরো ভোট কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করা হবে।’
তিনি জানান, ভোটের সময় অনিয়ম করার কারণে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কমিশন।
সিইসিকে পদত্যাগে বিএনপি আহ্ববানের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা রাজনৈতিক দল। তাদের বক্তব্যের ভিত্তিতে আমার কিছু বলার নেই।’
এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ,ইসি সচিব সিরাজুল ইসলাম,অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।


