স্টাফ রিপোর্টার
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে বৃহস্পতিবার চরম ভোগান্তি পোহাতে হয়েছে সুনামগঞ্জের মানুষকে। গ্যাস লাইন সংস্কার কাজের কথা বলে বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। জানানো হয়, সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৬ টা) গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয় নি। এ কারণে রোজদারগণের ইফতার করতেও দুর্ভোগ পোহোতে হয়।
জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরে পাইপলাইনের সংস্কার ও গ্যাস সংযোগ লাইন মেরামতের ঘোষণা দেওয়া হয় বুধবার বিকালেই। স্থানীয় পত্র পত্রিকা এবং মাইকে জানানো হয়, সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
কিন্তু বিকাল ৬ টা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ায় গ্রাহকরা বার বার জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসের নম্বরে (নম্বও ০১৭১৪০৪০০৮২) যোগাযোগ করলেও কেউ ফোন রিসিভ করে নি। এমন কি জালালাবাদ গ্যাসের আবাসিক প্রকৌশলী মো. ওয়েছ আহমেদ’এর মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি। এই অবস্থায় রোজদারগণের ইফতার করতে চরম বিড়ম্বনায় পড়তে হয়। অনেকে বাসা বাড়িতে ইফতারের আয়োজন করতে না পেরে দোকানে গিয়ে ভিড় করেছেন। সেখানেও ইফতার কেনা যায় নি। বিকাল সাড়ে ৫ টায়ই ক্রেতাদেও ভিড়ে ইফতারির দোকানগুলোতে ইফতার শেষ হয়ে যায়।
শহরের হাছননগরের বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী বললেন, জালালবাদ গ্যাসের মতো জরুরি সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের অদায়িত্বশীল আচরণে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। একই মন্তব্য করেন শহরের পুরাতন বাসস্টেশনের বাসিন্দা লেখক ও আইনজীবী মাহবুবুল হাছান শাহীন।
মাহবুবুল হাছান শাহীন বললেন, ৫ টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যাবে না, এটি আগে জানিয়ে দিলে শহরবাসীর এতোটা ভোগান্তি হতো না। অদায়িত্বশীল আচরণ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।


