জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় সুবিদ আলীর বিরুদ্ধে মামলা

সু.খবর ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে সরকার দলীয় সংসদ সদস্য সুবিদ আলীর বিরুদ্ধে একটি মানহানি মামলা হয়েছে। সোমবার ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার যুবলীগের নেতা জিলানী সরকার।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সত্যপদ শিকদারের শুনানি শেষে শেরেবাংলানগর থানাকে অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সুবিদ আলী উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরদিন এক সংবাদ সম্মেলনে সুবিদ আলী বলেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি এ কথার প্রমাণ দিতে পারলে আমি দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করবো।
সুবিদ আলী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন। চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য হন।