জুবীলির মাঠে শহীদ মিনার নির্মাণ প্রসঙ্গ সকলের মতামতের ভিত্তিতেই স্থান নির্ধারণ হবে -ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এক বিবৃতিতে বলেছেন,  ‘সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল। এই সিদ্ধান্ত অনুসারেই জেলা প্রশাসক, আমি এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। কিন্তু এ নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই স্থান নির্বাচন সঠিক হয়নি। ব্যক্তিগতভাবে আমি জনগণের মতামতের প্রতি শ্রদ্মাশীল।’
তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ মিনার সকলের শ্রদ্ধা প্রদর্শনের জন্য করা হয়। এই পবিত্র স্থাপনা আমাদের কারোরই ব্যক্তিগত সম্পদ নয়। সবার শ্রদ্ধা, ভালবাসা ও অনুভূতি প্রকাশের স্থান এটি। সকলের আবেগও রয়েছে শহীদ মিনারকে ঘিরে। আমি মনে করি বৃহৎ পরিসরে সভা ডেকে শহীদ মিনারের স্থান নির্ধারণ করা যেতে পারে। আমিও জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জুবিলীর মাঠ নিয়ে অনেক স্মৃতি আমারও রয়েছে।
সকলের মতামত ও আবেগকে সম্মান দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থান শীঘ্রই নির্ধারণ করা হবে।