জেগে উঠ চিরঞ্জিব

কুমার সৌরভ

সময় চলে যায় কত দ্রুত…
পঞ্চাশ পেরিয়ে গেছে গুটি গুটি পায়ে
আমিও কৈশোর পেরিয়ে এখন প্রৌঢ়
সেদিনের তরতাজা চোখে এখন কুয়াশার মত
ছায়া ছায়া মায়া মরীচিকা
স্মৃতির কোষে ভুলে যাওয়ার যুদ্ধমহড়া

তোমরা সেদিন বলেছিলে-
সাম্যের দেশ চাই
তোমরা লিখেছিলে-
অধীনতা নয় স্বাধীনতা চাই
তোমাদের কথা ও লিখা
একটি রক্তনদী হয়েছিল জ্বলে উঠার কালে
সেই সময় কত দ্রুত চলে যায়
হায়…

আজও আছ তোমরা
কাগজের পাতায়
দিবসের আনুষ্ঠানিকতায়
বিশ্বাসের জায়গায় তালা
তবু কত কথা স্তুতি ও প্রশস্তির
আজ দিনমান…

তবু কেউ জেগে আছে
তবু কেউ মনে রাখে
তবু কেউ বিশ্বাস রাখে
অগ্নিচেতনায়
তোমাদের আদর্শরাঙা পথে
গোপন সেইসব হৃদয়ে
আবার জেগে উঠ তোমরা
হে চিরঞ্জিব…