সু.খবর রিপোর্ট
‘দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে শহরে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে ও জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাসির উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
দিরাই
দিরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় বক্তারা হাওর রক্ষা বাঁধের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বলেছেন, আমাদের একমাত্র ফসল হচ্ছে বোরো। এই ফসল রক্ষায় দরকার টেকসই হাওর রক্ষা বাঁধ। বাঁধ সংস্কার কাজ তদারকির সাথে যারা জড়িত আছেন, অচিরেই বাঁধ পরিদর্শন করে অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানাচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
গোলাপ মিয়া, প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, ইউআরসি আবু ইউসুফ মোহাম্মদ সারোয়ার হোসেন।
এর আগে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় যোগ দেয়।
তাহিরপুর
তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, কেয়ার বাংলাদেশ, সিএনআরএস ও উদ্দীপনের কর্মী ও সহযোগী সদস্যরা অংশ নেন।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রশাসনের অফিস সুপার প্রদীপ চৌধুরী, সাংবাদিক সোহেল তালুকদার, পিআইও অফিস সহকারী মো. আসাদ আলী, উপজেলা পরিষদের সিএ আব্দুল হাই আজাদ সেলিম, উপজেলা প্রশাসনের নাজির বরুন দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী নজরুল ইসলাম, পিআইও অফিস সহায়ক মিটুন চক্রবর্তী প্রমুখ।
ধর্মপাশা
‘দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরায়েজী, দুযোর্গ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান, অফিস সহকারি রতন সরকার প্রমুখ।
আলোচনা সভায় জনসচেতনতা সৃষ্টি ও প্রচারের লক্ষে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তালুত এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মো. মমিন হোসেন শিমুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম, মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ. হান্নান, কৃষি শিক্ষক মো. শামছুল আমিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগ আহবায়ক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।


