জেলার শ্রেষ্ঠ এএসআই জামালগঞ্জ থানার সুমন

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পুলিশে পরপর দুইবার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হলেন সুমন চন্দ্র গোপ। তিনি জামালগঞ্জ থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন। বুধবার সকালে সুনামগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যাণ ও অপরাধ বিষয়ক সভায় তাকে অভিন্ন মানদ-ে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ।
জানা যায়, মাদক, সাজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট তামিল, চোরাই হওয়া মোবাইল উদ্ধারসহ সামগ্রিক কর্মতৎপরতায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. এহসান শাহ তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সুমন মিয়াসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
এএসআই সুমন চন্দ্র গোপ জানান, পেশাগত পুরস্কার প্রাপ্তির এই গৌরব শুধু তার একার নয়। এটি জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের মহোদয়ের সময়োপযোগী দিক-নির্দেশনা এবং জামালগঞ্জ থানার সকল সহকর্মীদের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। এই পুরস্কার প্রাপ্তি পেশাগত দক্ষতায় আরও প্রেরণা যোগাবে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র গোপ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। আগামীতে তার এই প্রাপ্তি অন্যদেরকে অনুপ্রেরণা যোগাবে।