জেলার ১৪ লাখ কৃষক ফসল রক্ষার যুদ্ধ করছেন

টিপু সুলতান ও এ আর জুয়েল, বরাম হাওর (দিরাই) থেকে ফিরে
জেলার ১১ উপজেলার ছোট বড় ১৩৮ টি হাওরে ১৪ লাখ কৃষক পরিবার ফসল রক্ষার যুদ্ধ শুরু করেছেন। গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ী ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার গুরুত্বপূর্ণ অনেক বাঁধ ভেঙে আবার কোথাও ফাটল দেখা দেওয়ার খবরে জেলাজুড়ে কৃষকদের ফসল রক্ষার লড়াই শুরু হয়েছে। রবিবার গভীর রাতে পাহাড়ীঢল ও বর্ষণে টইটুম্বর দিরাই উপজেলার কালনী নদীর পাড়ের তোফানখাড়ি বাঁধের একটি অংশ ভেঙে প্রায় ৮ ঘণ্টা পানি ঢুকেছে এই উপজেলার বরাম হাওরে। এই ৮ ঘণ্টায় হাওরের নিচু এলাকার জমি তলিয়ে গেছে। পরে আশপাশের গ্রামের কয়েক’শ মানুষ বাঁধে এসে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেন। সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বাঁধ রক্ষা কাজে যুক্ত হন। সকলের প্রচেষ্টায় সোমবার বিকাল সাড়ে ৫ টায় প্রবল বেগে বরাম হাওরে পানি প্রবেশ বন্ধ করা সম্ভব হয়।
তবে বাঁধ চুঁইয়ে পানি প্রবেশ তখনও অব্যাহত ছিল।
স্থানীয় লোকজন জানিয়েছেন, এই বাঁধ রক্ষা করা না গেলে, কেবল বরাম হাওরের ৩ হাজার ২০০ হেক্টর জমির ফসলই নয়, পার্শ¦বর্তী শাল্লা উপজেলার বেড়া মোহনা, ভান্ডা, ছায়াসহ দিরাই উপজেলার ১০-১২ টি হাওরের অন্তত ৩২ হাজার হেক্টর বোরো ফসল ২৪ ঘন্টার মধ্যে পানিতে তলিয়ে যেতো। এই পানি নেত্রকোণার মদন কালিয়াজুড়ি উপজেলার হাওরেও গিয়ে প্রবেশ করতো।
বাঁধের পাশের বাড়ির আছিয়া বেগম বলেন,‘রবিবার রাত ২ টায় হঠাৎ করে তোফান খাড়ি বাঁধের ৪০ ফুট ভেঙে হাওরে পানি ঢুকতে থাকে। আমার স্বামী দৌড়ে গিয়ে গ্রামের লোকজনকে জানান। পরে মসজিদের মাইকে বাঁধ ভেঙে যাবার ঘোষণা দেওয়া হলে সহ¯্রাধিক পুরুষ-মহিলা এসে কাজে যোগ দেন’।
রবিবার সকালে তোফানখাড়ি বাঁধে গিয়ে দেখা গেছে এলাকার কৃষক-কৃষানী, আবাল, বৃদ্ধ, বনিতা কেউ বাঁশ-চাটাই, কেউ উড়া আবার কেউ  কোদাল হাতে এসে বাঁধ রক্ষার কাজে লেগেছেন।
বরাম হাওর পাড়ের কৃষক বাবুল মিয়া বলেন,‘বাঁধ রক্ষা হলেই আমাদের জীবন বাঁচবে, কারো জন্য অপেক্ষা করার সময় নেই, ফসল না বাঁচলে সারা বছর খাব কী’।
অনেক কৃষক- কৃষাণি এই অবস্থা দেখে হাওরে থাকা নিজেদের কাঁচা ধান কাটা শুরু করেন।
বরাম হাওর পাড়ের ভাঙাডহর গ্রামের কৃষানী সেলিনা বেগম বলেন,‘রাত ৩ টায় শুনি হাওরে পানি ঢোকা শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আমি এবং আমার স্বামী একটি ছোট নৌকা, দুটি কাঁচি (কাস্তে) এবং লগি নিয়ে হাওরে রওয়ানা দেই। হাওরে গিয়ে শাড়ির আঁচল ছিড়ে হাতের মোবাইল লগির মাথায় বেঁধে ধান কাটা শুরু করেছিলাম, এখনও (সোমবার বিকাল ৪ টা) আমরা স্বামী-স্ত্রী মিলে ধান কাটছি’। কেবল সেলিনা বেগম নয় শত শত কৃষক কৃষানী সোমবার বরাম হাওরে নিজেদের জমির কাচা ধান কেঁটে এনেছেন।
বরাম হাওরের পাড়ে বাড়ি প্রয়াত বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিমের। শাহ্ আব্দুল করিমের ছেলে নূর জালাল দুটো টিফিনকারী ভর্তি করে বাঁধে খাবার নিয়ে এসেছেন। বললেন,‘আমি মাটি কাঁটতে পারি না, এজন্য খাবার বানিয়ে এনেছি, বাঁধে যারা কাজ করে তাঁদের জন্য’।  
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন বলেন,‘সকাল থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহ্রিয়ার, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার,  বাঁধের মেরামত কাজ তদারকি করেন। শেষ পর্যন্ত বাঁধটি সাময়িকভাবে রক্ষা পেলেও এখনও বাঁধের নিচ দিয়ে ছুঁইয়ে পানি ঢুকছে। আমরা চেষ্টা করছি পানি ঢোকা বন্ধ করতে’।
তিনি জানান, জনরোষে পড়ার ভয়ে পানি উন্নয়ন বোর্ডের কেউই বাঁধে আসার সাহস পাননি।  জেলা প্রশাসক আশ্বস্ত করার পর দুপুরের দিকে পাউবো’র একজন উপ-সহকারী প্রকৌশলী বাঁধে এলেও সার্বক্ষণিক তাকে পুলিশ প্রহরায় থাকতে হয়েছে।
ইউএনও আলতাফ হোসেন জানালেন, হাওরপাড়ের কৃষকরা অধিকাংশ বাঁধ রাত জেগে পাহাড়া দিচ্ছেন। চাপতির হাওরের বৈশাখী, টাংনির হাওরের বাদাইল্যা, বরাম হাওরের বোয়ালিয়া, নোয়াখাল, খেজাউড়ার কুরুংয়ের বাঁধ যে কোনো মুহুর্তে ভেঙ্গে যাবার আশঙ্কা রয়েছে। পাউবোর কর্মকর্তারা এলাকার লোকজনের তোপের মূখে পড়ার ভয়ে বাঁধে যাচ্ছেন না। পাউবোর ঠিকাদার ও পিআইসির দেখাও মিলছে না কোথাও।
বরাম হাওরপাড়ের কৃষক বাবুল মিয়া, বদরুল ইসলাম, আঞ্জু মিয়া, আঙ্গুর মিয়া, ্আইদুল্যা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড ও তাদের নিযুক্ত পিআইসি-ঠিকাদাররা হাওররক্ষা বাঁধ সংস্কারে সময়োচিত সঠিক পদক্ষেপ না নিয়ে নানা অজুহাতে সময় পার করে অসময়ে লোক দেখানো কাজ করেছেন। এ কারণে পাহাড়ি ঢলের পানির চাপ সামাল দিতে পারছে না বাঁধগুলো।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘হাওরের ঝুঁকিপূর্ণ সকল বাঁধেই উপজেলা প্রশাসন নজরদারি শুরু করেছেন। শনিবার রাতে জগন্নাথপুরের নারিকেলতলা বাঁধে ভাঙন দেখা দিয়েছিল, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে কাজ করেছেন। তোফানখাড়ি বাঁধে সকালেই আমি এসেছি এবং আসার সময় দিরাই বাজার থেকে বস্তা কিনে আমার গাড়িতে করে নিয়ে এসেছি। কৃষক- শ্রমিকদের সঙ্গে সারাদিনই আমি বাঁধে থাকবো, নদীর পানিও কমা শুরু হয়েছে, আমরা হয়তোবা বিপদমুক্ত হতে পারবো’।