স্টাফ রিপোর্টার
সুুনামগঞ্জের ৫৪১২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা দেয়ার লক্ষ্যে ৪৩ লাখ ৪ হাজার ৭১৮ টাকা বরাদ্দ দিয়েছে কৃষি মন্ত্রণালয়ের উপকরণ শাখা। ওই বরাদ্দে বিনামুল্যে ভুট্টা, সরিষা, মুগ ও বিটি বেগুনের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। প্রত্যেক কৃষক ওই সব প্রণোদনার বীজ ও সার দিয়ে এক বিঘা জমি চাষাবাদ করতে পারবেন। তবে প্রত্যেক কৃষক চারটির মধ্যে যে কোন একটি ফসলের বীজ পাবেন।
গতকাল সোমবার দুপুরে জেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সভায় এই তথ্য জানান সুনামগঞ্জ জেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, জেলা বিএডিসির বীজ বিপণন শাখার সিনিয়র সহকারি পরিচালক আজাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, আঞ্চলিক মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার-বীজ দিয়ে চাষাবাদে সহায়তা ও সাবলম্বী করার চেষ্টা করছে সরকার। তাই এই কৃষি প্রণোদনা দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তবে প্রকৃত কৃষকরা যেন এসব সুবিধা পায় সেদিকে সবার নজর রাখতে হবে। ’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক জানান , ২০০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার, ৫ হাজার জনকে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার, ২০০ জনকে ৫ কেজি করে মুগ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার এবং ১২ জন কৃষককে ০.০২ গ্রাম করে বিটি বেগুনের বীজ ও ১৫ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে।
ভুট্টা ও সরিষার বীজ ও প্রয়োজনীয় সার পাবেন সকল উপজেলার কৃষকরা, দক্ষিণ সুনামগঞ্জ ও শাল্লা উপজেলা ছাড়া সকল উপজেলার মুগ চাষীরা বীজ ও সার পাবেন। তবে বিটি বেগুনের বীজ ও সার প্রদান করা হবে সদর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার ৪ জন করে ১২ জন কৃষককে।
কৃষি প্রণোদনা পাবেন সুনামগঞ্জ সদর উপজেলার ৬৫৪ জন, দক্ষিণ সুনামগঞ্জের ৩১০, দোয়ারাবাজারের ৪৫৯, বিশ্বম্ভরপুরে ৫৪৯, জগন্নাথপুরের ৪৩৫, জামালগঞ্জের ৫৩০, তাহিরপুরের ৫৪০, ধর্মপাশার ৯৬৫, ছাতক ৪৩৫, দিরাই ৩২০ ও শাল্লার ২১৫ জন কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক জানান, উপজেলার তালিকা অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার দেয়া হবে। বিএডিসি বীজ ও সার ক্রয় করে আমাদের প্রদান করবেন। এরপর আমরা আগামী অক্টোবর মাসের মধ্যে এসব কৃষি প্রণোদনা কৃষকদের মধ্যে বিতরণ করব।’


