স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নিবন্ধনকৃত ট্রাকের সংখ্যা মাত্র ৪টি। বিশ্বাস হোক না হোক এই তথ্যটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর সুনামগঞ্জ সার্কেল অফিসের। বিআরটিএ সুনামগঞ্জ অফিসের সহকারি পরিচালক (ইঞ্জি.) স্বাক্ষরিত জেলায় সড়কপথে চলমান নিবন্ধিত যানবাহনের সংখ্যা ও চালক সংখ্যা ক্যাটাগরী ভিত্তিক তথ্যসূত্রে নিবন্ধিত মাত্র ৪টি ট্রাক রয়েছে।
গত ১০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা বিষয়ক সভায় যানবাহন নিয়ে ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান বকুলের উত্থাপিত প্রশ্নের আলোকে গতকাল রবিবার জেলা আইন শৃংখলা বিষয়ক সভায় এই তথ্য জানান বিআরটিএ।
বিআরটিএ সুনামগঞ্জ অফিসের সহকারি পরিচালক (ইঞ্জি.) স্বাক্ষরিত তথ্যে উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল ৪৩৯৭টি, অটোরিকশা ১৯০৪টি, হিউম্যানহলার ২৮০টি, জীপ ৪৩টি, মিনিবাস ২৫টি, ডাবল কেবিন পিকআপ ১২টি ও ট্রাক ৪টি। অপেশাদার লাইসেন্সধারী চালক ২৮০৬ ও পেশদার চালক ২৪২১ জন।
এ ব্যাপারে বিআরটিএ সুনামগঞ্জ অফিসের পরিদর্শক জিল্লুর রহমান বলেন,‘ জেলায় অনেক ট্রাক রয়েছে এবং রেজিস্ট্রেশনও আছে, তবে সেগুলো বাহিরের জেলার। আমাদের অফিসের নিবন্ধিত মাত্র ৪টি। নিবন্ধনের বাইরে ট্রাক আমাদের চোখে পড়ে না।’
- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
- বিশ্ব ছাত্র যুব উৎসবে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন অ্যাড. এনাম আহমদ


