জেলা আইনজীবী সমিতির সভা- বাঁধ নির্মাণে জড়িতদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার
হাওরের ফসল রক্ষা বাঁধ নিমার্ণের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি, সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সভা করেছেন জেলা আইনজীবী সমিতি। সোমবার দুপুর ২ টায় সমিতির সভা কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা, জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ, ফসলহানীর ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা পিআইসি ও ঠিকাদারদের শাস্তির দাবি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমেদের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক সভাপতি সৈয়দ শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. মাসুক আলম প্রমুখ।
এছাড়াও সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের রেশনিং কার্ড, ভিজিডি, ভিজিএফের ব্যবস্থা, কৃষিঋণ মওকুফ এবং সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার দাবিও জানানো হয়।