বিন্দু তালুকদার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। দলের সিনিয়র নেতাকর্মীদের ধারণা কেন্দ্রীয় কমিটির সম্মেলনের আগেই জেলা আওয়ামী লীগের কমিটি গঠন হতে পারে। দলীয় একাধিক নেতাও সম্মেলনের আগে আগামী ৮-১০ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাজ শুরু করছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে প্রতিটি জেলায় ২৫ হাজার জনসংখ্যায় ১ জন করে কাউন্সিলার সম্মেলনে অংশ নেবেন। জনসংখ্যা অনুযায়ী সুনামগঞ্জের প্রায় ২৫ লাখ জনসংখ্যার জন্য ৯৬ থেকে ১০০ জন কাউন্সিলার হবেন। কাউন্সিলার হিসাবে জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দকেই মনোনীত করা হবে। কিন্তু বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া আর কোন পদ না থাকায় কারা কারা কাউন্সিলর হবেন এনিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কাউন্সিলার হতে
আগ্রহী অনেক নেতৃবৃন্দ নানাভাবে তদবির-লবিং করছেন। কাউন্সিলার হতে পারলে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহজে পদ পদবী পাওয়া যাবে এই বিষয়টি সামনে রেখে অনেকেই জোর কদমে আগাচ্ছেন।
কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে যেসব জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই সেসব এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রে ও জেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। উপজেলা ও জেলা পর্যায়ের পদ পদবী প্রত্যাশীরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে নিয়মিত যোগযোগ রাখছেন বলে জানা গেছে। পছন্দসই পদের জন্য দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে তদবির-লবিং করছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সম্মেলনকে সুন্দর ও সার্থক করে তোলতে আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগও কাজ শুরু করেছি। সম্মেলনের কাউন্সিলার ও জেলা কমিটির সদস্য হওয়ার জন্য সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীরা মাঠে কাজ করছেন ও আমাদের সাথে যোগাযোগ রাখছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগামী সপ্তাহ দশ দিনের মধ্যেই আমরা ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের একটি কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেব। কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক তা যাচাই-বাছাই করে অনুমোদন দেয়ার পরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’
উল্লেখ, ১৮ বছর পর গত ২৫ ফেব্রুয়ারি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানকে সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার ৭ মাস পেরিয়ে গেলেও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোন তৎপরতা দেখা যায়নি । দলের নেতাকর্মীরা ধারণা করছেন কেন্দ্রীয় সম্মেলনের আগে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


