স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের সকল কর্মকর্তাগণ উপস্থিত থাকেন। যদি বিশেষ কোন কারণে প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত না হতে পারেন তাহলে তাঁর একজন প্রতিনিধি উপস্থিত থাকেন। সভায় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষে নানা তথ্য-উপাত্ত তোলে ধরেন এবং সভায় কোন প্রশ্ন উত্থাপিত হলে জবাব দেন উপস্থিত কর্মকর্তা।
কিন্তু মঙ্গলবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন না সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।
সভায় পানি উন্নয়ন বোর্ড জেলা কর্তৃপক্ষের অনুপস্থিতি ও হাওর নিয়ে সার্বিক কর্মকান্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ। তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কি কাজ করেন তা কেবল তারাই জানেন। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত থাকলেই কি না থাকলেই বা কি। তারা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে কোন জবাবদিহিতা করেন না। এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অদক্ষতা ও অনিয়ম-দুর্নীতির কারণে হাওরের ফসল ডুবির ঘটনা ঘটে। পাউবোর কর্মকর্তারা শুধু অপেক্ষা করেন কবে হাওরের বাঁধ তলিয়ে যাবে আর তারা বলবেন, কাজ সঠিক হয়েছে।’
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনের সাথে কথা বলার জন্য তাঁর ব্যক্তিগত মুঠোফোনে পর পর বেশ কয়েকবার চেষ্টা করলেও ফোন রিসিভ করেন নি তিনি।


