বিশেষ প্রতিনিধি
জেলা ছাত্র লীগের সভাপতি ও সম্পাদক পদে ২০ জন ছাত্রনেতা কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির করছেন। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকই (সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত) এই তথ্য জানিয়েছেন। পদ পেতে আগ্রহীদের বেশিরভাগেই এখন ঢাকায় আছেন। সভাপতি-সম্পাদক হতে আগ্রহী ১৫ জন ছাত্রনেতা ইতিমধ্যে আলাদা আলাদা বলয় তৈরি হয়েছে। গত ৩ দিনে পদ পেতে আগ্রহী ৯ ছাত্রনেতা শহরে পৃথক পৃথক মিছিল- শোডাউন করে নিজের অবস্থান জানান দিয়েছেন। ১১ মার্চ জেলা সম্মেলন হবার কথা থাকলেও শেষ পর্যন্ত এই তারিখে সম্মেলন হচ্ছে না। কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা হতে পারে।
গত ৩ দিনে মিছিল শো-ডাউন করে যারা নিজেদের অবস্থান জানান দিয়েছেন। এরা হলেন- জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, বর্তমান সমাজসেবা সম্পাদক হাবিব আল হাসান তপু, বর্তমান সহসম্পাদক নাজমুল হক কিরণ, দেওয়ান জিসান এনায়েত রেজা, নূর মোহাম্মদ স্বজন, উপ-প্রচার সম্পাদক এনামুল হক রুমেন চৌধুরী, সদস্য মাসকাওয়াত জামান ইন্তি, ঈশতিয়াক আলম পিয়াল ও মিন্টু চৌধুরী। এরা প্রত্যেকেই সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদের জন্য তদবির করছেন। কেউ কেউ আজ বৃহস্পতিবার মিছিল শেষ করে ঢাকায় রওয়ানা দিয়েছেন।
এছাড়া গত দুই বছর ধরে জেলা ছাত্র লীগের সভাপতি ও সম্পাদক পদ পেতে যারা বিভিন্নভাবে তদবির করছেন, এরা হলেন- দীপংকর কান্তি দে, বরুণ কান্তি দে, ফয়সল আহমদ, সাজ্জাদুর রহমান লিমন ও মিন্টু চৌধুরী। প্রকাশ্যে স্থানীয়ভাবে আগ্রহ দেখাননি এমন ছাত্রনেতা ৫-৬ জন আছেন যারা ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি হতে আগ্রহী জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এনামুল হক রুমেন চৌধুরী বলেন,‘আমি স্থানীয় রাজনীতির কোন গ্রুপের কর্মী নই। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করছি। কর্মীর মূল্যায়ন হলে আমার মূল্যায়ন হবে আশা করি।’
সভাপতি পদ পেতে আগ্রহী জেলা ছাত্রলীগের সহসম্পাদক, স্থানীয় রাজনীতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সমর্থক হিসাবে পরিচিত নাজমূল হক কিরণ বলেন,‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মী। সাংগঠনে কখনই আমি নিস্ক্রিয় ছিলাম না। তৃণমূলের কর্মীদের মূল্যায়ন হলে আমার মূল্যায়ন হবে আশা করি।’
সভাপতি পদ পেতে আগ্রহী জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক স্থানীয়
রাজনীতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সমর্থক হিসাবে পরিচিত হাবিব আল হাসান তপু বলেন,‘সংগঠনে নিবেদিত কর্মীরা নতুন কমিটি চান। নিবেদিতদের চাপেই আমি আগ্রহ প্রকাশ করেছি।’
সভাপতি পদে পদোন্নতি পেতে আগ্রহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সমর্থক হিসাবে পরিচিত রফিক আহমদ চৌধুরী বলেন,‘বিগত সময়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছি আমি। আশা করছি আমার মূল্যায়ন হবে।’
সভাপতি পদ পেতে আগ্রহী, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সমর্থক হিসাবে পরিচিত ছাত্রলীগ নেতা দীপংকর কান্তি দে বলেন,‘কেবল ছাত্রলীগ নয়, আওয়ামী লীগসহ যে কোন অঙ্গ সংগঠনের বিগত কয়েক বছরের কর্মসূচিতে আমি সক্রিয় রয়েছি। আমাকে মূল্যায়ন করলে ত্যাগিদের মূল্যায়ন করা হবে।’
সভাপতি পদ পেতে আগ্রহী জেলা ছাত্রলীগের সহসম্পাদক, ছাত্রলীগের বর্তমান সভাপতি ফজলে রাব্বি স্মরণের সমর্থক সাজ্জাদুর রহমান লিমন বলেন,‘বিগত সময়ের কার্যক্রম বিবেচনা করলে আমাকে মূল্যায়ন করা হবে’।
সভাপতি পদ পেতে আগ্রহী জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণের সমর্থক হিসাবে পরিচিত জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মিন্টু চৌধুরী বলেন,‘জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণের আহ্বানে জরুরি সভায় বসে কমিটির অনেকেই সর্বসম্মতিক্রমে সভাপতি হিসাবে আমার নাম সভাপতি হিসাবে প্রস্তাব করেছেন। এজন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করছি।’
সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সমর্থক হিসাবে পরিচিত শেখ রাসেল পরিষদের জেলা আহ্বায়ক নূর মোহাম্মদ স্বজন বলেন,‘আমি সেরা সংগঠকের পুরস্কার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিপূর্বে গ্রহণ করেছি। আমাকে দায়িত্ব দেওয়া হলে সংগঠনকে গতিশীল এবং শক্তিশালী করার চেষ্টা করবো।’
দেওয়ান জিসান এনায়েত রেজা স্থানীয় রাজনীতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সমর্থক হিসাবে পরিচিত। জিসান বললেন,‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে যে দায়িত্ব দেবেন, আমি সেই দায়িত্বই পালন করবো।’
স্থানীয় রাজনীতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সমর্থক হিসাবে পরিচিত জেলা ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ঈশতিয়াক আলম পিয়াল নতুন কমিটির সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী। তিনি বলেন, ‘আমি দলের সক্রিয় কর্মী। ছাত্রলীগকে আধুনিক-যুগপোযুগি একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ার প্রত্যয়ে কাজ করছি আমি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা নিয়ে সুনামগঞ্জে সংগঠনকে সেভাবেই সাজাতে চাই।’
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সমর্থক হিসাবে পরিচিত জেলা ছাত্রলীগের সদস্য, মাসকাওয়াত জামান ইন্তি বলেন,‘অনেক দিন ধরে ছাত্রলীগে সক্রিয়ভাবে কাজ করছি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে সংগঠনকে সৃজনশীল ধারায় পরিচালনা করবো।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেতা) দারুস সালাম শাকিল বললেন,‘সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা ছাত্রলীগের সম্মেলন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সম্মেলন করতে না পারলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিটি ঘোষণা করা হবে।’ তিনি জানান, এই পর্যন্ত সুনামগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী ২০ জনের মতো যোগাযোগ করেছেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ সম্মেলন প্রসঙ্গে বলেন,‘১১ মার্চ সম্মেলনের তারিখ হয়েছিল। এর মধ্যে ৭ মার্চ ছিল জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন। এখন দিরাই-শাল্লায় উপনির্বাচন। আমরা উপজেলা কমিটি গঠনও শেষ করতে পারিনি। এই অবস্থায় জেলা সম্মেলন করা সম্ভব হয়নি।’
উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরে সভাপতি ও সম্পাদকসহ ১০ জনের পদবি উল্লেখ করে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছিল। কমিটি ঘোষণার পর ছাত্রলীগের পদবঞ্চিতরা মিছিল-সমাবেশ বিক্ষোভ করলেও শেষ পর্যন্ত ঐ কমিটির নেতৃত্বেই ছাত্র লীগের কার্যক্রম চলতে থাকে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতানৈক্যতা ছিল দীর্ঘদিন। অবশ্য, ২০১৩ সালের ১৪ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী ঐক্যবদ্ধভাবে জেলা ছাত্রলীগের ১৭১ সদস্যের কমিটি গঠন করেন। এই কমিটি নিয়েও বিভ্রান্তি রয়েছে।
জেলা ছাত্রলীগের একাধিক নেতা বলেছেন,‘১৭১ সদস্যের জেলা কমিটি কখনই কোন গণমাধ্যমে প্রকাশ হয়নি। কারা কারা কমিটিতে আছে, এটিও অস্পষ্ট’।


