জেলা ছাত্রলীগ ৯ ইউনিট কমিটি কেন্দ্রে দাখিল

বিশেষ প্রতিনিধি
নানা গ্রুপিং কোন্দল ও দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে জেলার ৯ টি ইউনিটের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নামের তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়া হয়েছে।
গত ১২ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী এসব কমিটির তালিকা কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় কমিটির একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভার জেলায় ১১ উপজেলা, মধ্যনগর থানা, ৩টি পৌরসভা সুনামগঞ্জ, জগন্নাথপুর ও ছাতক, ৫টি কলেজ সুনামগঞ্জ সরকারি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজসহ মোট ২০ টি ইউনিট ছিল। বিভিন্ন ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন, সম্মেলন ও স্থানীয় অভ্যন্তরীণ গ্রুপিং কোন্দলের কারণে বিভক্তিতেই চলছিল পৃথক কর্মসূচি  পালনসহ সকল সাংগঠনিক কর্মকান্ড। এই কমিটির মধ্যে ৯টি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সভাপতি-সাধারণ সম্পাদক ও তাদের মোবাইল নম্বরসহ তালিকা কেন্দ্রে জমা দেয়া হয়েছে। তালিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভার আগের দিন ১১ জুন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই ৯টি ইউনিট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম- মোবাইল নম্বরসহ তালিকায় স্বাক্ষর করেন এবং পরদিন বর্ধিত সভায় এই তালিকা কেন্দ্রের নিকট হস্তান্তর করেন।
কেন্দ্রে হস্তান্তর করা ইউনিট কমিটি এর সভাপতি-সাধারণ সম্পাদকরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি হুমায়ুর কবীর পাপন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু ও সাধারণ সম্পাদক নূর হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ শাহেদ ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজমুল হক রিপন ও সাধারণ সম্পাদক আল আমিন, ধর্মপাশা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়ছল মজুমদার ও সাধারণ সম্পাদক রাজিব তন্ময়, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মির্জা রকিব আহমদ সুমন ও সাধারণ সম্পাদক প্রভাংশ তালুকদার বিপ্টু, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ ও সাধারণ সম্পাদক হাছিনুর মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমদ জাবেদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন,‘জেলায় ছাত্রলীগের ২০টি ইউনিট রয়েছে। এর মধ্যে ৯টিতে পুর্ণাঙ্গ কমিটি রয়েছে। আমরা বর্ধিত সভায় ওই ৯টি কমিটির তালিকা কেন্দ্রে জমা দিয়েছি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন,‘সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি কমিটির সভাপতি-সম্পাদক ও তাদের মোবাইল নম্বরসহ তালিকা পাওয়া গেছে।’ তবে জেলা কমিটির সম্মেলন কবে হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘জেলা ছাত্রলীগের সম্মেলন হতে পারে আবার নাও হতে পারে। বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।’