জেলা পরিষদ নির্বাচনে টাকা লেনদেনের অভিযোগ গ্রামীণ পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠা অনভিপ্রেত

‘ভোট যেহেতু দেয়নি, যেসব জনপ্রতিনিধিরা ভোটের দাম নিয়েছে, সেটি না দিলে মারপিট করবই’ কথাটি সদ্যসমাপ্ত জেলা পরিষদ নির্বাচন কোন কোন পরাজিত সদস্য প্রার্থীর। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত এক সংবাদে তাঁদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কথা জানা গেছে। জেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর জেলার বিভিন্ন স্থানে কিছু পরাজিত প্রার্থী টাকা নিয়েও ভোট না দেয়ার অভিযোগ এনে টাকা ফেরত চেয়ে ভোটারদের (ইউপি’র নির্বাচিত জনপ্রতিনিধি) উপর নানা কায়দায় চাপ প্রয়োগ করছেন বলে ওই সংবাদ থেকে জানা যায়। ইতোমধ্যে টাকা ফেরৎ না দেয়ায় বিশ্বম্ভরপুরে দুই ইউপি সদস্য হেনস্তার শিকার হয়েছেন। সদর উপজেলায় জনৈক পরাজিত প্রার্থী রীতিমতো ঘোষণা দিয়ে টাকা ফেরত চাইছেন। তিনি এবং আরও কয়েকজন ইতোমধ্যে কিছু টাকা ফেরৎ পেয়েছেন বলেও জানা গেছে।  দক্ষিণ সুনামগঞ্জে টাকা ফেরত দেয়া-নেয়াকে কেন্দ্র করে শালিশ বৈঠকের আয়োজন হয়েছে। সবকিছু মিলিয়ে জেলা পরিষদ নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হলেও এর রেশ এখনও রয়ে গেছে আমাদের গ্রামীণ সমাজে। বরং প্রতিদিনই নতুন নতুন ঘটনা-দুর্ঘটনায় জনগণের নিকট সরস আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এই নির্বাচনটি। দক্ষিণ সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যানরা সংবাদ সম্মেলন করে ওইসব পরাজিত প্রার্থীর টাকা দেয়ার অভিযোগ অস্বীকার করে এরূপ প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা আইনী পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং টাকা দিয়েছেন এমন অভিযোগকারী পরাজিত সদস্য প্রার্থী ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার একটি অবস্থা তৈরি হয়েছে যা যেকোন সময় আরও বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। সুতরাং গ্রামীণ পরিবেশ স্থিতিশীল রাখতে জরুরিভিত্তিতে বিষয়টির নিষ্পত্তি ঘটা আবশ্যক বলে আমরা মনে করি।
ভোটার জনপ্রতিনিধি বিশেষ করে ইউপি সদস্যগণ দ্বারা জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের নিকট থেকে টাকা নেয়ার অভিযোগটি মোটামোটি অপেন সিক্রেট বিষয় হিসেবে গণ্য হয়ে পড়েছে। সর্বাংশে না হলেও কিছু সংখ্যক ভোটার এই ধরনের গর্হিত কাজে জড়িত ছিলেন সেটি গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। এখানে টাকা নেয়া ভোটাররা যেমন অসৎকর্মে লিপ্ত হয়েছেন তেমনি যারা তাদেরকে টাকা দিয়েছেন তারাও একইরূপ অসৎকর্মের হুতা হিসেবে বিবেচিত হবেন। কারণ ভোট দানের জন্য টাকা পয়সার লেনদেন আইন, নৈতিকতা সব দিক দিয়েই সম্পূর্ণ অবৈধ কর্মকা-। যারা এরূপ অবৈধ কর্মকা-ে লিপ্ত হয়েছেন তাদের উভয়পক্ষই আইনের দৃষ্টিতে সমান অপরাধী। এরকম কিছু সংখ্যক ব্যক্তির অপরাধ কর্মকা-ের জন্য  আমাদের গ্রামীণ পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠবে তা অনভিপ্রেত। সুতরাং যত দ্রুত সম্ভব এই বিরোধের নিষ্পত্তির লক্ষে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।
জেলা পরিষদ নির্বাচনটি ছিলো স্বাধীন বাংলাদেশের পরোক্ষ নির্বাচন পদ্ধতির প্রথম নির্বাচন। এটি ছিলো নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনেরও প্রথম প্রক্রিয়া। এতোসব বৈশিষ্ট্যের সাথে এই নির্বাচনে ভোট দেয়া-নেয়ার জন্য টাকা পয়সার ব্যাপক সম্পৃক্ততার অভিযোগটিও নতুন উপসর্গরূপেই বিবেচিত হবে ভবিষ্যৎকালে। সুতরাং জেলা পরিষদের নির্বাচন নিয়ে যত ভাল ভাল কথা বলা হবে এর সমান্তরালে সামান্য হলেও এইসব মন্দ কথাবার্তাও আলোচিত হতে থাকবে। এখান থেকে প্রতিষ্ঠানটিকে বের করে আনতে হবে। ভবিষ্যতে যাতে অনুরূপ কুপ্রবণতাগুলো সমাজ থেকে দূরিভূত হয় সেজন্যও এখন এ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিৎ। আমাদের নির্বাচনী ব্যবস্থায় পরোক্ষ ভোটের এই নির্বাচনটি না হলে প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে।