ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত-৫ আসনে থেকে ছাতকের সম্ভাব্য দুই হেভিওয়েট প্রার্থীর নাম নিয়ে চলছে সরব আলোচনা। উভয় প্রার্থীই প্রতিষ্ঠিত রাজনৈতিক ও সম্ভ্রান্ত পরিবারের সদস্য। সম্ভাব্য এ দুই প্রার্থীকে নিয়ে এখন থেকেই সর্বত্র বইছে আলোচনা ঝড়। তারা প্রার্থী হলে লড়াইও হবে হাড্ডা-হাড্ডি এমন মন্তব্য শুনা যাচ্ছে সাধারণ মানুষের মুখ থেকে।
জেলা পরিষদ নির্বাচনে সুনাম-সংরক্ষিত-৫ আসনে সম্ভাব্য প্রার্থীর মধ্যে একজন হচ্ছেন ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি ও অপরজন হচ্ছেন মুজিবুর রহমান
একাডেমীর পরিচালক ও শিক্ষক নুরুন্নাহার চৌধুরী চিনু। ব্যক্তিগত পরিচয় ছাড়াও উভয় প্রার্র্থীর পারিবারিক ও গোষ্ঠীগত আলাদা-আলাদা পরিচয় এবং ঐতিহ্য রয়েছে।
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি শহরের বাগবাড়ি এলাকার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ। তিনি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের সহধর্মিনী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের স্বজন। নোয়ারই গ্রামের বিশিষ্ট বিচারিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান চেয়ারম্যানের কন্যা। রাসিদা বেগম ন্যান্সি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। শিক্ষিকা হিসেবেও তার রয়েছে ব্যাপক পরিচিতি। প্রার্থী হিসেবে সহজেই সকলের কাছে গ্রহযোগ্য হবেন বলে তার সমর্থকরা মনে করছেন।
প্রার্থীতা নিয়ে রাশিদা আহমদ ন্যান্সি জানান, নির্বাচন হচ্ছে এক ধরনের উৎসব। লুকিয়ে উৎসব পালন করার কোন সুযোগ নেই। সময় হলেই বিষয়টি খোলাসা হবে।
অপর প্রার্থী হিসেবে যার নাম শুনা যাচ্ছে তিনি হলেন, মুজিবুর রহমান একাডেমীর পরিচালক ও শিক্ষক নুরুন্নাহার চৌধুরী চিনু। তিনি উপজেলা শ্রেষ্ঠ নারী সমাজকর্মী হিসেবে ব্যাপক পরিচিত । মেসার্স ফউর ব্রাদার্স লিমিটেড ও যুক্তরাজ্যের লন্ডন আরডেন স্টার লিমিটেডের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া পৈত্রিক ও স্বামীর পারিবারিকভাবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। নুরুন্নাহার চৌধুরী চিনু ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের একমাত্র বোন ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সহধর্মিনী। জেলা পরিষদ নির্বাচনে হেভীওয়েট প্রার্থী হিসেবে তার নাম বেশ জোরে-শোরেই শুনা যাচ্ছে। এখন পর্যন্ত এ দু’জন ছাড়া আর কারো নাম শুনা যাচ্ছে না। হেভিওয়েট এই দুই প্রার্থীকে ঘিরেই চলছে জল্পনা-কল্পনা।
জেলা পরিষদে এখানের নারী প্রতিনিধিত্ব নিয়ে এ দুই জনকে নিয়েই পৃথক স্বপ্ন দেখছেন স্ব-স্ব কর্মী-সমর্থকরা।
সুনাম-সাধারণ-১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে সুনাম-সংরক্ষিত-৫ আসন গঠিত। ২০৪ জন জনপ্রতিনিধি ভোটার হিসেবে জেলা পরিষদ নির্বাচনে সুনাম-সংরক্ষিত-৫ আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


