শিল্পীদের কল্যাণে ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জল জোছনার শহরে নব নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী কে স্বাগত জানাতে সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন।
রবিবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় সংস্কৃতি কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি বিজন সেন রায়, যুগ্ম সম্পাদক পঙ্কজ কান্তি দে, দেবদাস চৌধুরী রঞ্জন, অধ্যক্ষ শেরগুল আহমেদ, খলিল রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহন মিঞ্জি, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, সাংবাদিক ও নাট্যকার দেওয়ান গিয়াস চৌধুরী সহ জেলা শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা।
সংস্কৃতিকর্মীরা তাদের বক্তব্যে জেলা প্রশাসককে জানান, সুনামগঞ্জ সংস্কৃতির একটি উর্বর জায়গা। এখানে বাংলাদেশের অনেক গুণি শিল্পীর জন্ম। সংস্কৃতি অঙ্গনের এই বহমান ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসকের আন্তরিকতা ও সদিচ্ছা প্রয়োজন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, তিনি সাহিত্য কিংবা সাংস্কৃতি অঙ্গনের নন। তবে তিনি সাহিত্য ও সংস্কৃতিকে খুবই ভালোবাসেন। আসার পর থেকে বিভিন্ন সংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। সেই ভালোবাসা থেকে সুনামগঞ্জের সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাবেন। তিনি বলেন, সুনামগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করতে সব ধরণের উদ্যোগ নেয়া হবে। এছাড়াও শিল্পীদের কল্যাণে স্থানীয় উদ্যোগে শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠনেরও আশ্বাস দেন তিনি।