স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টে মঙ্গলবার পৃথক খেলায় জয় পেয়েছে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম ও দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম এবং এইচএমপি উচ্চ বিদ্যালয়। খেলায় জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম ৫১ রানে জয়ী হয়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম।
নির্ধারিত ২০ ওভারে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম ৬ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আনাস সর্বোচ্চ ৪৫ বলে ৬১ রান
করেন। এটাই টুর্নামেন্টের প্রথম ফিফটি। এছাড়াও প্রিন্স ২৫ বলে ২৫ রান করেন।
এইচএমপি উচ্চ বিদ্যালয়ের নোবেল ৩৪ রানে ২ টি এবং আশিক ১৫ রানে ১ উইকেট লাভ করে।
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এইচএমপি উচ্চ বিদ্যালয় ১৬ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায়। তুহিন ১৭ এবং রায়হান ১০ রান করেন। জামালগঞ্জ উপজেলা উপজেলা স্কুল ক্রিকেট টিমের আল আমীন ১৬ রানে ৩টি এবং সাগর ৯ রানে ২ উইকেট লাভ করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দি ম্যাচ হয়েছেন জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিমের আনাস।
অপর ম্যাচে দুপুর ১.৩০ মি. মুখোমুখি হয় ধর্মপাশা উপজেলা স্কুল ক্রিকেট টিম ও দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম।
খেলায় দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম ৬১ রানে ধর্মপাশা উপজেলা স্কুল ক্রিকেট টিমকে পরাজিত করে।
ম্যান অব দি ম্যাচ হয়েছেন দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিমের শুভ।


