জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে জয়ী সরকারী জুবিলী

কামরান আহমদ
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৩৯ রানে জয়ী হয়েছে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের ৪৪ বলে ৪৬ রানের উপর ভর করে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান সংগ্রহ করে। বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল দলের জুবায়ের ২০ রানে ৪টি এবং সজল ১৩ রানে ২ উইকেট তুলে নেন। ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল দল ১৮ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সজল সর্বোচ্চ ৪৪ বলে ৩৬ রান করেন।    ম্যান অব দ্যা ম্যাচ  হন সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাকিব।
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টূর্ণামেন্ট উদ্বোধন উপলক্ষে রোড শো বের হয়। জেলা স্টেডিয়ামের সামনে থেকে রোড শো বের হয়ে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
রোড শো শেষে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টি-২০ স্কুল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই টি- ২০ টুর্নামেন্ট।
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টে জেলার ১৬ টি টিম অংশগ্রহণ করবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
রোড শো শেষে জেলা প্রশাসক শেক রফিকুল ইসলাম বলেন, জেলা থেকে ভাল মানের খেলোয়ার বের করে নিয়ে আসাই এই টুর্নামেন্টের লক্ষে। যারা ভাল খেলতে পারবে তাদেরকে বিকেএসপিতে পাঠনোর ব্যবস্থা করা হবে।