স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সম্প্রতি ভারতের মেঘালয় পাহাড় ধ্বসের ঘটনায় তাহিরপুর উপজেলার চানপুর, নয়াছড়া এলাকা এখন প্রায় মরুভূমি। ২০০৮ সালের ২০ জুলাই ভোর বেলা মেঘালয় পাহাড় ধ্বসে সীমান্তের, চানপুর, নয়াছড়া, রজনীলাইন ও রাজাই এলাকার প্রায় ৫’শ একর চাষাবাদের বোর জমিতে বালু পড়ে মরুভূমিতে পরিণত হয়েছিল। ২০০৮ সালের পর থেকেই প্রতিবছর বর্ষা মৌসুমে নয়াছড়া দিয়ে বালু মিশ্রিত পানির ¯্রােতের তোড়ে এলাকার রাস্তাঘাট, ফসলী জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ে।
গত রবিবার দুপুরে এর সুষ্ঠু প্রতিকার চেয়ে রাজাই গ্রামের নৃতাত্বিক জনগোষ্ঠির নেতা আন্দ্রীয় সলমার ও আব্দুল মুতালিব স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে দাখিল করেন।
অপরদিকে সোমবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর নেতা কর্মীরা সীমান্তের, চানপুর, নয়াছড়া, রজনীলাইন ও রাজাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতাকর্মীরা নয়াছড়া এলাকাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ জামিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল করিম কিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রাজাই গ্রামের নৃতাত্বিক জনগোষ্ঠির নেতা আন্দ্রীয় সলমার, স্থানীয় সমাজসেবক আব্দুল মুতালিব, ইউপি সদস্য সম্্রাট মিয়া প্রমুখ।
রাজাই গ্রামের নৃতাত্বিক জনগোষ্ঠির নেতা আন্দ্রীয় সলমার বলেন, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নয়াছড়া এলাকাটি এখন মরুভূমি। ২০০৮ সালে এটি সমাধানের জন্য আমরা ঢাকা জাতীয় প্রেসক্লাবে উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগীতায় সংবাদ সম্মেলন করেছি। এছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন অনেকবার এখানে এসে মানববন্ধন, আলোচনা সভা সহ অনেক কিছু করেছেন, কিন্তু কোন ফলাফল আসেনি।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বিষয়টি সীমান্তের জিরো লাইনের ২০০ গজের ভিতরে হওয়ায় এটি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সমাধানের পথে এগুতে হবে।


