জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন ১৯ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার
আগামী ১৯ ডিসেম্বর জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর সোমবার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৬ ডিসেম্বর দুপুর ১টায় আপত্তি নিষ্পত্তি, ৭ ডিসেম্বর বিকাল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর সকাল ৯টা        
থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা স্টেডিয়ামে ভোটগ্রহণ করা হবে।
মনোনয়নপত্রের মূল্য
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী ১ জন সভাপতি, ২জন সহ সভাপতি, ১ জন কোষাধ্যক্ষ এবং ৯জন সদস্য নির্বাচন করা হবে। সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ৭ হাজার টাকা, সহ সভাপতি ৫ হাজার টাকা, কোষাধ্যক্ষ ৫ হাজার টাকা এবং সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ২ হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
প্রার্থীদের যোগ্যতা
নির্বাচনে অংশগ্রহণকারীপ্রার্থীদের খেলাধুলায় আগ্রহী ও উৎসাহী এবং জেলা ফুটবল এসোসিয়েশনের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বয়স ২৫ বছরের উর্দ্ধে হতে হবে।
তবে উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলে ঘোষিত, দেউলিয়া, অন্য রাষ্ট্রের নাগরিক, নৈতিক স্খলনজনিত ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং দুই বৎসরের অধিক কারাদ- ভোগ করলে কোন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য বিবেচিত হবেন।