আকরাম উদ্দিন
জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদী এই নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী হন। ১১ উপজেলার ৩৩ জন কাউন্সিলরের মধ্যে এই নির্বাচনে সরাসরি ভোট প্রয়োগ করেন ৩১ জন ভোটার।
১৪ ভোট পেয়ে সমিতির জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা। সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিরাই উপজেলার দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মস্তফা সরদার রুমি। তিনি পেয়েছেন ১৭ ভোট। নির্বাচিত তিনজন মিলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক আপ্তাব উদ্দিন, নুরুল আবেদীন, সাইদুজ্জামান ও কামরুজ্জামান।
নির্বাচন পরিচালনার দায়িতপ্রাপ্ত ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব উদ্দিন বলেন, ‘জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটে প্রথম এই নির্বাচনী অনুষ্ঠানে উপজেলা থেকে আগত সকল ভোটারগণ ছিলেন আনন্দে উচ্ছসিত।’


