জেলা রেজিস্ট্রারের রেকর্ডরুম- ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রেকর্ড কিপার দু’জনই অনুপস্থিত

স্টাফ রিপোর্টার
জেলা রেজিস্ট্রার অফিসের রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনামগঞ্জ সদর উপজেলার সাব রেজিস্ট্রার ও রেকর্ড কিপার দুইজনই অনুপস্থিত ছিলেন গতকাল রোববার।
সপ্তাহের প্রথম দিন রেকর্ডরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী দুইজন না থাকায় অনেকেই জরুরি কাজ করতে পারেন নি বলে জানিয়েছেন। আবার দূর থেকে আসা অনেকেই কাজ করতে না পেরে বাড়ি ফিরে গেছেন। রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, কেউ ফিরে গেছে এমন বলা সঠিক হবে না, কারণ একজন সহকারি রেকর্ডকিপার রোববার অফিসে কাজ করেছেন।
একাধিক সূত্র জানিয়েছে, রেকর্ড কিপার শ্যামাপদ সরকার ও রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত  
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনামগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রার মো. আব্দুল আরিফ প্রায়ই অনিয়মিত থাকেন।
তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আরিফ জানিয়েছেন, অসুস্থ থাকায় তিনি রোববার ছুটিতে ছিলেন। এছাড়া তিনি সদর উপজেলার পাশাপাশি তাহিরপুর উপজেলার দায়িত্বে আছেন। সেখানে সপ্তাহে তিন দিন যেতে হয়।
রেকর্ড কিপার শ্যামাপদ সরকারের সাথে কথা বলতে একাধিকবার তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ ব্যাপারে জেলা রেজিস্টার মো. সাইফুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অফিসে খোঁজ নিয়ে জানা যায় তিনিও গতকাল রোববার অফিসের বাইরে ছিলেন। অফিসের একজন কর্মচারী জানিয়েছেন জেলা রেজিস্ট্রার রোববার অফিসের কাজে ঢাকায় ছিলেন। শ্যামাপদ সরকার ছুটি নিয়েছেন কিনা তাদের জানা নেই বলে জানান ওই কর্মচারী।