জেলা শ্রমিক লীগের কর্মকান্ডে গতিশীলতা

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের অন্যতম ভ্রাতৃপ্রতীম সংগঠন শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা এসেছে। শ্রমিক লীগের নতুন জেলা কমিটি গঠনের পর সুনামগঞ্জের তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে বলে জানিয়েছেন জেলা শ্রমিক লীগের আহবায়ক ও সদস্য সচিব।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ দিবস ১৫ আগস্ট। শোকের মাস আগস্টের শুরুর দিন আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠন দলীয়ভাবে সর্বত্র কর্মসূচি পালন করে থাকে। কিন্তু গত ১ আগস্ট সুনামগঞ্জে আওয়ামী লীগসহ অন্য কোন অঙ্গ সংগঠন কোন কর্মসূচি পালন না করলেও জেলা শ্রমিক লীগ দলীয় কর্মসূচি পালন করে। সুনামগঞ্জ শহরের উকিল পাড়ার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা করে জেলা শ্রমিক লীগ।
জেলা শ্রমিক লীগ সূত্র জানায়, গত ১৫ জুন সেলিম আহমদকে আহ্বায়ক, সমর রায় ও নুরুল হককে যুগ্ম আহবায়ক ও সাইফুল ইসলাম মুবিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়। ১৮ জুন জেলা শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠনের পর থেকে জেলার তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর হন জেলা শ্রমিক লীগের দায়িত্বশীলরা। শুধুমাত্র শ্রমিক লীগের নেতাকর্মীরা ২ জুলাই জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল  করে। জেলা কমিটির নেতৃবৃন্দ গত ৩ জুলাই জেলার বিশ্বম্ভরপুর উপজেলা, ৯ জুলাই তাহিরপুর উপজেলায় সাংগঠনিক সফর করেন। জেলা কমিটি গঠনের এক মাসের মাথায় দলের নেতাকর্মীরা ১৫ জুলাই জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা করেন। গত ২১ জুলাই   তাহিরপুর উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়। এরপর গত ৩০ জুলাই জামালগঞ্জ উপজেলা সাংগঠনিক সফর করেন।
আগস্ট মাস উপলক্ষে জেলা শ্রমিক লীগ আজ শনিবার থেকে পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি সিবিএ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিমিয় ও আলোচনা সভার উদ্যোগ নিয়েছে। এছাড়া আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে বলে জানিয়েছে জেলা শ্রমিক লীগ।
জেলা শ্রমিক লীগের সদস্য জামালগঞ্জের বাসিন্দা সায়েম পাঠান বলেন,‘ শ্রমিক লীগ স্বাধীনতার পক্ষ শক্তির একটি অন্যতম রাজনৈতিক সংগঠন। কিন্তু গত ১৫ বছরের মধ্যে আমরা জামালগঞ্জে সাংগঠনিক কোন কর্মসূচি দেখিনি। জেলা শ্রমিক লীগের নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর জামালগঞ্জে সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা করেছেন। জামালগঞ্জে শ্রমিক লীগের রাজনীতিতে এখন ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই শ্রমিক লীগের সক্রিয় কর্মী হয়ে কাজ করতে আগ্রহী ও জেলা কমিটির সাথে যোগাযোগ রাখছেন। ’
তাহিরপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রঞ্জু মুখার্জি বলেন,‘শ্রমিক লীগের নতুন জেলা কমিটি গঠনের পর দলের সকল শাখায় গতিশীলতা ফিরে এসেছে। দলের নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে এবং দলীয় কর্মসূচি পালন করছেন। আমাদের নেতাকর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করার পর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে, সে লক্ষ্যেই আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। ’
জেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন বলেন,‘শ্রমিক লীগ ছিল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম একটি সংগঠন। কিন্তু আগের জেলা কমিটি একাধারে ১৭ বছর দায়িত্ব পালন করলেও দলীয় কর্মকান্ডে স্থবিরতা বিরাজ করছিল। উপজেলা পর্যায়ে সংগঠনের কমিটি না থাকায় সবকিছুই আমাদেরকে নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে দিনরাত চেষ্টা করে যাচ্ছি সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে। ইতোমধ্যে আমরা তিনটি উপজেলায় সাংগঠনিক সফর করেছি এবং একটি উপজেলায় নতুন কমিটি গঠন করেছি। আগামী সেপ্টেম্বর মাসে আরো ৩-৪ টি ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে। ’
জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ বলেন,‘বাংলাদেশ শ্রমিক লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। শ্রমিক লীগ জন্মলগ্ন থেকেই শ্রমিকদের দাবি-দাওয়া আদায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করে যাচ্ছে। আমরা সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের দায়িত্ব গ্রহণের পর থেকে শ্রমিক লীগের মাঠ পর্যায়ে কমিটিগুলোকে সক্রিয় করে যাচ্ছি। সুনামগঞ্জ জেলার শ্রমিক লীগের সকল ইউনিট ও সিবিএ সংগঠনের নেতাকর্মীদের আমরা চাঙ্গা করেছি, তৃণমূলের নেতাকর্মীদের মাঝে গতিশীলতা ফিরে এসেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড আমরা মাঠ পর্যায়ে তুলে ধরছি। শোকের মাসে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। ’