জেলে কন্যা ধর্ষণ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের দরিদ্র জেলে পরিবারের কিশোরী ধর্ষণের ঘটনায় শনিবার ভোরে ধর্ষক বাছিত মিয়াকে হরিনাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধর্ষণ কাজে সহযোগিতাকারী রুপা মিয়ার ছেলে জুয়েল মিয়াকে মামলায় আসামী করা হয়নি। এদিকে গতকাল শনিবার দুপুরে ধর্ষিত ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে     বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে হরিনাকান্দি গ্রামে কিশোরী ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষকের পরিবার প্রভাবশালী ও ধনাঢ্য হওয়ায় পুলিশ মামলা নিতে গড়িমসি করার অভিযোগ উঠেছিল। প্রথমে ওই কিশোরী ও তার বাবাকে রাতভর থানায় বসিয়ে রেখে সকাল সাড়ে ৮ টায় থানা থেকে কৌশলে বের করে দিয়েছিল পুলিশ। পরে এই বিষয়টি জানাজানি হওয়ায় ধর্ষণের মামলা নিয়েছে পুলিশ।
কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিনাকান্দি গ্রামের দরিদ্র জেলে পরিবারের ওই কিশোরী সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে গ্রামের অন্যপ্রান্তে চাচার বাড়িতে রওয়ানা হয়। পথে ওই কিশোরীকে একা পেয়ে গ্রামের রোজদার মিয়ার বখাটে ছেলে বাছিত মিয়া (২০) জোর করে মুখ চেপে গ্রামের একটি পতিত বাড়িতে নিয়ে যায়। এ কাজে বাছির মিয়াকে সহযোগিতা করে একই গ্রামের রুপা মিয়ার ছেলে জুয়েল মিয়া। বাছিত মিয়া ওই কিশোরীকে পরিত্যক্ত একটি বসত ঘরে আটকে রেখে কয়েক দফা ধর্ষণ করে।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘পুলিশ শনিবার ভোরে ধর্ষক বাছিত মিয়াকে গ্রেফতার করছে। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে, ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।