সু.খবর ডেস্ক
জেল-জরিমানার বিধান রেখে জাতীয় সম্প্রচার আইন-২০১৬ এর খসড়া প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। এতে জাতীয় সম্প্রচার আইনের বিধি-বিধান বা প্রবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন মাসের কারাদন্ড, কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। এরপর সম্প্রচার আইনে অপরাধ চলতে থাকলে প্রতিদিনের জন্য অপরাধীকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা গুনতে হবে। এছাড়া লাইসেন্স ছাড়া সম্প্রচারমাধ্যম পরিচালনা করলে খসড়া আইনে সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
আগামী ৪ মের মধ্যে খসড়া আইনের ওপর মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে। ওই দিন পর্যন্ত তথ্য সচিবকে (সচিব, তথ্য মন্ত্রণালয়, ভবন নং-৪, বাংলাদেশ সচিবালয়) চিঠি দিয়ে অথবা [email protected], [email protected] এই ঠিকানায় ই-মেইল করে মতামত জানানো যাবে।
পরদিন ৫ মে বাংলাদেশ প্রেস ইনস্টিউটে অংশীজনদের উপস্থিতিতে মতবিনিময় সভা হবে।
২০১৪ সালের ৬ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশিত হয়। এরপর গণমাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিক-নির্দেশনামূলক ওই নীতিমালায় জাতীয় সম্প্রচার কমিশন করার কথা ছিল। তথ্য মন্ত্রণালয় সেই কমিশন গঠনের জন্য আইনের খসড়া প্রণয়নে ৪০ সদস্যের কমিটি গঠন করে। এই কমিটি খসড়াটি প্রণয়ন করেছে।
জাতীয় সম্প্রচার নীতিমালায় কমিশন প্রসঙ্গে বলা আছে, সম্প্রচার প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান, সংবাদ বা বিজ্ঞাপন কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুণ্ণ করলে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সম্প্রচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করতে পারবে। এ অভিযোগ প্রমাণিত হলে সরকার আইন বা বিধির মাধ্যমে নির্ধারিত শাস্তি নিশ্চিত করবে।


