স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব সুলতানপুর এলাকায় মাটি কাটার বারকী শ্রমিকদের আটকিয়ে জোরপূর্বক টাকা ও কোদাল নিয়ে যাবার অভিযোগ করেছেন শ্রমিকরা। সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর থানায় এসে শ্রমিকরা এমন অভিযোগ করেন।
শ্রমিকরা লিখিত অভিযোগে বলেন, শহরের আপ্তাবনগর এলাকার নূর হোসেন (৩২), ইকবাল হোসেন (৩৫), আলী মিয়া (৩৮), আনোয়ার (২৮) ও আতিকুর (৪৫) সোমবার দুপুরে পথে আটকিয়ে তাদের কাছ থেকে মোট ২০ হাজার টাকা ও প্রায় ১২ হাজার ৮০০ টাকার কোদাল নিয়ে গেছে। শ্রমিকরা জানান, এ ধরনের হয়রানি প্রায়ই করে আপ্তাবনগর এলাকার এই তরুণরা। ভয়ে তারা থানায় জানান না। সোমবার নিরুপায় হয়ে সকলে মিলে থানায় এসেছেন।
অভিযুক্ত নূর হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।
সদর থানার সাব ইন্সপেক্টর রাশেদ আহমেদ বললেন, এ ধরনের অভিযোগ পেয়ে থানা থেকে ঘটনাস্থলে গিয়েছিলাম আমরা, অভিযুক্তদের বাড়িতে গিয়েও ওদের পাওয়া যায় নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


