জ্বর, সর্দি, কাশিতে মৃত জহিরুলের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জ্বর, সর্দি, কাশিতে মৃত জহিরুলকে তার নিজ গ্রাম তাহিরপুর উপজেলার মাহতাবপুর গ্রামের গোরস্থানে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দাফন করেছে স্বজনরা। জহিরুল (২২) তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কাফিল উদ্দিনের ছেলে। গত দুই বছর ধরে সে গাজীপুরে একটি গার্মেন্টেন্সে চাকুরী করত।
জহিরুলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত সপ্তাহখানেক সময় ধরে সে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। তার মরদেহ গাজীপুর থেকে সিলেট কোম্পানীগঞ্জের বালুচর গ্রামের কুলসুমা (২৬) ও মালিক উস্তার (১৬) বৃহস্পতিবার সন্ধ্যায় মাহতাবপুর গ্রামে নিয়ে আসে। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ মাহতাবপুর গ্রামে যান। জহিরুলকে যারা গাজীপুর থেকে বাড়ি নিয়ে এসেছে এবং লাশ ধোয়ানোর কাজে যারা ছিল তাদের ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন তারা। হোম কোয়ারেন্টাইনে থাকবেন জহিরুলের পিতা কফিল উদ্দিন (৫০), মা তাসলিমা (৩৫), স্বজন আব্দুল মনাফ (৭৫), আবুল বাদশা (৩৫), গাজীপুর থেকে লাশ নিয়ে আসা কুলসুমা (২৬), মালিক উস্তার (১৬)।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, তিনি সংবাদটি জানার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, তিনি ঢাকায় যোগাযোগ করেছেন। তারা নির্দেশনা দিয়েছেন লাশের সাথে সংশ্লিষ্ট সবাইকে আগামী দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে।