জড়িত ৪৯ জনের জামিন আবারও নামঞ্জুর করলেন আদালত

স্টাফ রিপোর্টার
শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বিদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত ৪৯ জনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম এই আদেশ দেন।
শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের ফেসবুক আইডি থেকে হেফাজত ইসলামের বিতর্কিত নেতা মাও. মামুনুল হককে সমালোচনা করে গত বছরের ১৬ মার্চ ফেসবুকে কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় হেফাজত ইসলামের সমর্থকরা পরদিন ১৭ মার্চ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করে। গ্রামের ৫ টি মন্দিরও ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনটি মামলা হয়। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। তিন মামলায় গ্রেপ্তার ও আদালতে স্বেচ্ছায় হাজির হওয়াসহ ১১৩ জন আইনের আওতায় এসেছেন। হামলা, লুটপাট ও ভাংচুরের মামলার আসামী ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ অধিকাংশ আসামী ইতিমধ্যে জামিন পেয়েছেন।
সম্প্রতি এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তোফাজ্জল হোসেন এজাহার নামীয় আসামী ছাড়া আরও ৪৯ জনের নামোল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। গত নয় জানুয়ারি এই আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন শুনানী শেষে আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম ৪৯ জনকেই জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জেলে থাকা আসামীরা সোমবার আবারও আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
আদালতে কর্মরত সাবইন্সপেক্টর অসীম চন্দ্র দেব জানান, শুনানী শেষে আদালত নোয়াগাঁওয়ে তা-বের ঘটনায় জড়িত ৪৯ জনেরই জামিন আবেদন না মঞ্জুর করেছেন।