স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহার করেছেন জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাহের আলী ও জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার বিকালে প্রার্থীতা প্রত্যাহার করেন ঐ দুই প্রার্থী। এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচনী মাঠে এখন জয়া সেনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে রইলেন স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন।
শনিবার রাজধানীতে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে জোটগতভাবে লড়বেন প্রার্থীরা। সেই অনুযায়ী দিরাই-শাল্লা আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেন’এর সমর্থনে জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন। একইভাবে জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাহের আলী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন প্রত্যাহার করেন।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় মনোনয়ন প্রত্যাহার শেষে জাপা প্রার্থী শেখ মোহাম্মদ জাহের আলী জানান, মহাজোটের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও মহাজোটের অন্যতম শরিক জাপা চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি জানান, তাঁর মনোনয়ন প্রত্যাহারের পর ড. জয়া সেন কেবল আওয়ামী লীগের প্রার্থী নয়, মহাজোটের প্রার্থী হিসাবে লড়বেন। একই সঙ্গে তিনি জাপার সকল নেতা কর্মীকে ড. জয়া সেন’র পক্ষে কাজে নামার আহ্বান জানান।
এর আগে দুপুর ১২টায় দিরাই উপজেলা
আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাসদ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম আমিন নির্বাচনে নিজের প্রর্থীতা প্রত্যাহার ও জোট সমর্থিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তার পক্ষে সমর্থন ব্যক্ত করে সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মহিবুর রহমান মানিক এমপি, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ-দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, প্রচার সম্পাদক সরবিন্দু দাস প্রমুখ।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. জাহির আলী সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতা প্রত্যাহার ও জোট সমর্থিত প্রার্থী ড. জয়া সেন গুপ্তাকে সমর্থন করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ্ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লুৎফুর রহমান, কৃষক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আওয়াল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য. গত ৫ ফেব্রুয়ারী বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
আগামী ৩০ মার্চ এই আসনের উপ-নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে মনোনয়ন দাখিল করেছিলেন ৫ প্রার্থী। এর মধ্যে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তাসহ ৪ জনের মনোনয়ন বৈধ হয়। নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় বাতিল হয় জাসদ (আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরী শুভ’এর মনোনয়ন।
যাচাই-বাছাইয়ে অন্য যাদের মনোনয়ন বৈধ হয়েছিল তারা হলেন জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাহের আলী, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও মো. ছায়েদ আলী মাহবুব হোসেন (স্বতন্ত্র)।
জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম জানান, জাসদ (আম্বিয়া) নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় এই দলটির মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরী শুভ’এর মনোনয়ন বাতিল করা হয়েছে। সোমবার জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ২ জন।


