‘জয় বাংলা কনসার্টে’ স্বাধীন বাংলা বেতারের গান

সু.খবর ডেস্ক
১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। ‘৭ই মার্চ আমার সাহস’ -এ স্লোগান নিয়ে তৃতীয়বারের মতো এ কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চের [সিআরআই] অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের সবচেয়ে বড় ইয়ুথ প্ল্যাটফর্ম’ ‘ইয়ং বাংলা’। এবারের কনসার্টে নিজেদের মৌলিক গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন করবে অংশগ্রহণকারী ৯টি ব্যান্ড। ব্যান্ডগুলো হচ্ছে স্পন্দন ৭২, ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।
আয়োজকরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করেই এ আয়োজন। মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সুজেয় শ্যাম ও তার সহ সঙ্গীতশিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য তৈরি করেছিলেন বেশ কিছু গান। যে গানগুলো মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেওয়ার পাশাপাশি চেতনায় ঢেলে দিয়েছিলেন বাংলাকে স্বাধীন করার প্রেরণা। স্ব্বাধীনতার ছেচল্লিশ বছর পর মুক্তিকামী বাঙালির প্রেরণাদায়ী সেইসব গান থেকে নয়টি গান এ প্রজন্মের সামনে তুলে ধরা হবে জয় বাংলা কনসার্টে।
তারা জানান, কনসার্টে স্পন্দন ৭২ ‘জয় বাংলা বাংলার জয়’, ক্রিপটিকফেট ‘মুক্তির একি পথ সংগ্রাম’, আর্বোভাইরাস ‘ওরে শোন রে তোরা শোন’, শূন্য ‘আজ রণ সাজে’, চিরকুট ‘নোঙর তোলো তোলো’, নেমেসিস ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, লালন ‘রক্ত চাই’, শিরোনামহীন ‘জন্ম আমার ধন্য হলো’ ও ওয়ারফেইজ ‘বিজয় নিশান’ গানগুলো পরিবেশন করবে।
আয়োজকরা আরও জানান, দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করে আসছে ইয়ং বাংলা। উদ্দেশ্য একটাই, তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা। যে কারণে এ কনসার্টের জন্য দর্শক-শ্রোতার কোনো টিকিট কিনতে হবে না। বরাবরের মতো এবারও টিকিট ফ্রি পাওয়া যাবে। টিকিট সংগ্রহ করতে হবে http://ticket.youngbangla.org/ লিংক থেকে।
ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্ট উপভোগের সুযোগ পাবেন ৬০ হাজার তরুণ-তরুণী। তাদের জন্য দুপুর ২টায় খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। কনসার্ট চলবে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।