ঝুঁকিপূর্ণ সওজের সীমানা দেয়াল পুনঃনির্মাণের তাগিদ

শহীদ নূর আহমেদ
সুনামগঞ্জ সড়ক ও জনপথ  কার্যালয়ের দক্ষিণ পার্শ্বের পুরানো সীমানা দেয়াল ও উপ বিভাগীয় প্রকোশলীর বাসভবনের উত্তর পার্শ্বের সীমানা দেয়াল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘ ত্রিশ বছরের পুরানো এই দেয়াল দুইটি ধ্বসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।  উত্তর পার্শ্বের সীমানা দেয়াল ঘেষে জামতলা জামে  মসজিদের ঢুকার প্রধান রাস্তা হওয়ায় ঝুঁিক নিয়ে যাতায়াত করছেন মুসল্লীরা। তাই দেয়াল দুটি ভেঙ্গে পুন:নির্মাণের তাগিদ জামতলা জামে মসজিদ কর্তৃপক্ষের। গত বুধবার মসজিদ কর্তৃপক্ষের পক্ষে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী  শফিকুল ইসলামের এর কাছে একটি লিখিত আবেদন করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
লিখিত এই  আবেদনে উল্লেখ করা হয়,দেয়ালটি প্রায় ২৫- ৩০ বছর পূর্বে শুধু মাত্র বালু সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়েছিল। ইতোমধ্যে দক্ষিণ পাশের দেয়াল হেলে পড়ায় তা সাময়িক ভাবে মেরামত করা হয়েছে।তদুপরি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায়ই আছে।্ এই দেয়ালের পাশ দিয়ে জামতলা জামে মসজিদের মুসল্লি ও আশপাশ এলাকার বাসিন্দারা চলাফেরা করেন। যেকোন সময় দেয়াল ধ্বসে পড়তে পারে। আমরা বার বার  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। এই দেয়াল পথচারী ও মুসল্লিদের জন্যে মরণ ফাঁদ হয়ে আছে।