ঝুলে আছে রাস্তা,ঝুঁকি নিয়ে যাতায়াত

শহীদ নূর আহমেদ
দিরাই-মদনপুর সড়কে মাইলের পর মাইল সড়কের পাকা অংশের নীচের মাটি সড়ে গিয়ে ঝুলে আছে। এই মাটিছাড়া ঝুলে থাকা রাস্তার পাকা অংশ দিয়ে প্রতিদিন যাতায়াত করছে ঢাকা, সিলেট, সুনামগঞ্জগামী বাস, লেগুনা, সিএনজি ও মালবাহী যানবাহন। একটু এদিক সেদিক হলেই যেকোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মদনপুর থেকে দিরাই পর্যন্ত  প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় প্রায় স্থানে মূল সড়কের মাটি সরে গেছে। মাটি সরে যাওয়ায় মূল সড়কের সাথে দুই থেকে তিন ফুট দুরত্বে শূন্যে রয়েছে ঢালাইকৃত পাকা। সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করায় মাঝে মধ্যে ঘটছে অসংখ্য ছোট-বড় দুর্ঘটনা। রাস্তার এমন অবস্থায় যানবাহন চলাচলে সার্বক্ষনিক আতঙ্কে থাকছেন চালক ও যাত্রীরা। মূল সড়কে মাটি ফেলে ভরাট করতে পারলেই এই সঙ্কটের সমাধান হবে বলে দাবি তাদের।
এদিকে সড়কের কিছু অংশের খানাখন্দের কাজ শরু হয়েছে, মাস খানেকের মধ্যে মাটি ভরাটের কাজও শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা সড়ক ও পরিবহনের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।