বিশেষ প্রতিনিধি
প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সুনামগঞ্জের অনেক এলাকায়ই রোববার বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৬ ফিডারের ৫ ফিডার চালু হয়েছে। পল্লী বিদ্যুতের ১৮ ফিডারের মধ্যে ৭ ফিডার চালু হয়েছে। এদিকে, শনিবার রাতে জেলার বিশ্বম্ভরপুরে ইঞ্জিন নৌকা ডুবে ১ জন নিহত এবং তাহিরপুর সীমান্তের বাগলীতে পাথর বোঝাই ট্রলার ডুবে ১ জন নিখোঁজ রয়েছে।
শনিবার সকাল থেকে রোববার ভোর রাত পর্যন্ত প্রচ- ঝড়ে সুনামগঞ্জ-ছাতক ৩৩ কেভি বিদ্যুৎ লাইনসহ অভ্যন্তরীণ ১১ কেভি বিদ্যুৎ লাইনে গাছ-গাছালি পড়ে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়। রোববার সারাদিন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীরা কাজ করলেও ৬ ফিডারের মধ্যে দিরাই-শাল্লা ফিডারের ত্রুটি সারানো সম্ভব না হওয়ায়
ঐ ফিডারের শাল্লা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা যায়নি।
একইভাবে পল্লী বিদ্যুতের ১৮ ফিডারের মধ্যে ৭ ফিডারের ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পল্লী বিদ্যুতের ১১ ফিডারের ৫০ হাজারেরও বেশি গ্রাহক রোববারও বিদ্যুৎহীন ছিলেন।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম জানান, রোববার সারাদিন চেষ্টা করে ৬ টি ফিডারের বেশিরভাগ অংশেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছেন তারা। শাল্লা উপজেলা সদরসহ কিছু এলাকায় কাজ শেষ করতে না পারায় বিদ্যুৎ সরবরাহ করা যায়নি।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম মো. সোহেল পারভেজ বলেন,‘১৮ ফিডারের মধ্যে ৭ ফিডারের ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। অন্য ১১ ফিডারে কাজ করছেন তারা। সকল গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুয়েক দিন সময় লাগবে।
এদিকে, শনিবার সন্ধ্যায় প্রচ- দমকা হাওয়া ও ঝড়ের সময় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের পশ্চিম পাড়ের হরিমনের ভাঙায় ইঞ্জিন চালিত নৌকা ঝড়ের কবলে পড়ে অরুণ বর্মণ (৪০) নামের একজন ডুবে মারা গেছেন। তিনি উপজেলার বাহাদুরপুর গ্রামের হরেন্দ্র বর্মণের ছেলে। সন্ধ্যা ৬ টায় বিশ্বম্ভরপুর বাজার থেকে বাড়িতে যাবার সময় ইঞ্জিন নৌকা ডুবে মারা যান অরুণ বর্মণ। ইঞ্জিন নৌকায় আরো ১৪ জন যাত্রী থাকলেও তারা সাঁতার কেটে পাড়ে ওঠেছেন।
জেলার তাহিরপুর সীমান্তের এরালিয়া কোনার মাঝে (শমসার হাওরের নিকটবর্তী এলাকায়) ইঞ্জিন চালিত পাথর বোঝাই ট্রলার থেকে পড়ে আরশাদ আলী (৩২) নামের এক শ্রমিক (রোববার বিকাল ৫ টা পর্যন্ত) নিখোঁজ রয়েছেন। এই শ্রমিকের বাড়ি সীমান্তের বীরেন্দ্রনগর গ্রামে।
- সড়কে কোন সমস্যা থাকলে আমাদেরকে জানান -জেলা প্রশাসক
- দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান মেডিকেল কলেজ মদনপুরে হচ্ছে


