ঝড়ে পণ্ড শাহ আব্দুল করিম লোক উৎসব

স্টাফ রিপোর্টার
শাহ আব্দুল করিম লোক উৎসবের সব আয়োজন পণ্ড করে দিয়েছে ফাল্গুনের শেষ বিকালের ঝড়। শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার উজান ধল গ্রামে শাহ আব্দুল করিমের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিকালের আধা ঘন্টার ঝড়ে অনুষ্ঠান স্থল লন্ডভ- হয়ে গেছে। ধল মাঠে নির্মিত উৎসবের মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে গেছে। চারিদিকের প্যান্ডেল বাতাসে ছিঁড়ে উড়ে গেছে। উৎসবকে কেন্দ্র করে মাঠের চারপাশে মেলার অস্থায়ী দোকান ঘরগুলিও ঝড়ে উড়ে গেছে।
জানা যায়, শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে লোক উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর মেতে ওঠেন এলাকার মানুষ। মেলা দেখতে আর গান শুনতে করিমের জন্মস্থান ধল গ্রামে আসেন দেশের নানা প্রান্তের মানুষ। কিন্তু এবার আধা ঘন্টার ঝড়ে সব ওলট পালট হয়ে গেছে। প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামীকালও উৎসব হবে কিনা তা পরে (রবিবার) জানানো হবে।
রানা মিয়া জানান, আমি সিলেটের লালাবাজার থেকে মেলায় এসে চটপটির দোকান দিয়েছি। কিন্তু হঠাৎ ঝড়ে আমার সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। লাভের আশায় এসে ক্ষতি হয়ে গেল।


গণিগঞ্জের সুজন মিয়া জানান, প্রতি বছর আমি আব্দুল করিম লোক উৎসবে এসে বেলুন বিক্রি করি। এবার লোক উৎসবে ৬ হাজার টাকা বেলুন নিয়ে এসেছিলাম বিক্রি করার জন্য। দোকানের চারদিকে বেলুনগুলো সাজিয়েও রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে আসা ঝড়ো হওয়া আমার ৪ হাজার টাকার বেলুন উড়িয়ে নিয়েছে।


দিরাইয়ের মমজাত আলী জানান, আমার পানের দোকানের সব জিনিসপত্র ঝড়ে উড়ে গেছে।
শাহ আব্দুল করিমের পুত্র শাহ নুর জালাল জানান, বিকালে হঠাৎ করে ঝড়ো হওয়া শুরু হয়। উৎসবের মঞ্চ, প্যান্ডের কাপড় ছিঁড়ে উড়ে গেছে। প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে। আগামীকাল (রবিবার) উৎসব হবে কিনা তা পরে জানানো হবে।