জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোন অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দেবো সংশ্লিষ্টদের ভালো কাজ করতে হবে। টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে।
শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী করোনা পরিস্থিতির কারণে সেতুর নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি দেশের উন্নয়ন কে পিছিয়ে দিয়েছিল, তবে আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে সুনামগঞ্জের সাথে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।
তিনি বলেন, একটি মহল দেশের সার্বিক উন্নয়ন কে পছন্দ না করে উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
এসময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ২০১৪ সালে ১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্ত সেতুর কাজ শুরু হয়। ৩০ জুন ২০১৮ সালে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও এখনো সেতুর কাজ শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিকালে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে সভায় দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
- পরিকল্পনামন্ত্রীর সমালোচনা করে বক্তব্য দিলেন ২ এমপি ও নেতারা
- প্রাথমিকের সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ


